সিলেট বিভাগে টানা দ্বিতীয় দিন হাম ও হাম সন্দেহে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে গত ২৪ ঘণ্টায় এ রোগের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১২৪ জন। বর্তমানে বিভাগের হাসপাতালগুলোতে হাম ও হাম সন্দেহে চিকিৎসাধীন ৪৬৩ জন। বৃহস্পতিবার সকালে সিলেট বিভাগীয় কর্মকর্তার দপ্তর থেকে এসব তথ্য জানানো হয়।
দপ্তরটির তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় বিভাগে হাম ও হাম সন্দেহে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এর আগে প্রায় এক সপ্তাহ ধরে প্রতিদিনই এ রোগে আক্রান্ত বা সন্দেহভাজন রোগীদের মৃত্যুর খবর আসছিল। সাম্প্রতিক দুই দিনে মৃত্যু না হওয়াকে স্বস্তির বিষয় হিসেবে দেখা হচ্ছে।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ১২৪ জনের মধ্যে সিলেটের শহিদ শামসুদ্দিন হাসপাতালে ৬০ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪১ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে একজন, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ছয়জন এবং মাউন্ট এডোরা হাসপাতালে একজন রয়েছেন। এ ছাড়া দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১১ জন এবং শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন ভর্তি হয়েছেন।
এদিকে গত দুই দিনে সিলেট বিভাগে নতুন করে কোনো হাম রোগী শনাক্ত হয়নি। তবে চলতি বছরে বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ১০২। এর মধ্যে সিলেট জেলায় ৪২৯ জন, হবিগঞ্জে ১৫৮ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন শনাক্ত হয়েছেন।
চলতি বছরে সিলেট বিভাগে হাম ও হাম সন্দেহে মোট ১৯২ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে সিলেট জেলায় ৭৯ জন, হবিগঞ্জে ২৯ জন, মৌলভীবাজারে ১৫ জন এবং সুনামগঞ্জে ৬৯ জন রয়েছেন। মৃতদের মধ্যে ১০ জনের মৃত্যু নিশ্চিত হামের কারণে হয়েছে।
আজকের সিলেট/ জেকেএস









