শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

দক্ষিণ আফ্রিকায় অভিবাসীবিরোধী বিক্ষোভ, ২৪ গাড়িতে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯/১০/২০২৬ ১০:৪৪:৫৬ পূর্বাহ্ন

দক্ষিণ আফ্রিকায় অভিবাসীবিরোধী বিক্ষোভ, ২৪ গাড়িতে আগুন


দক্ষিণ আফ্রিকায় আশ্রয়প্রার্থীদের আবেদন গ্রহণসংক্রান্ত আদালতের রায়ের প্রতিবাদে অভিবাসীবিরোধী বিক্ষোভ সহিংস রূপ নিয়েছে। দেশটির দুটি শহরে অন্তত ২৪টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। লুটপাটের শিকার হয়েছে বিদেশিদের মালিকানাধীন দোকানপাট। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

আল জাজিরাসহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদন বলছে, বৃহস্পতিবার (৮ অক্টোবর) জোহানেসবার্গের সোয়েতো টাউনশিপ ও বন্দরনগরী ডারবানে এই সহিংসতা ছড়িয়ে পড়ে। 

দেশটির পুলিশ জানিয়েছে, জোহানেসবার্গে ১০টি এবং ডারবানে ১৪টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে।

আশ্রয়প্রার্থীদের আবেদন গ্রহণ বন্ধের দাবি জানাচ্ছেন বিক্ষোভকারীরা।

গত জুলাইয়ে দেশটির সাংবিধানিক আদালতের এক রায়ে আশ্রয়ের আবেদন করার ক্ষেত্রে কিছু প্রক্রিয়াগত বাধা দূর করা হয়। এ রায়কে কেন্দ্র করে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

রয়টার্সের এক প্রতিবেদকের দেখা অনুযায়ী, সোয়েতোতে বিক্ষোভকারীরা সোমালিয়ার এক নাগরিকের মালিকানাধীন বলে দাবি করা একটি দোকান থেকে পণ্য সরিয়ে নেন।

জোহানেসবার্গের সোয়েটোতে অভিবাসন সংক্রান্ত বিক্ষোভে গাড়িতে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। ছবি- এপি

জোহানেসবার্গের সোয়েটোতে অভিবাসন সংক্রান্ত বিক্ষোভে গাড়িতে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। ছবি- এপি

ডারবানেও বিদেশিদের মালিকানাধীন দোকানপাটে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ছোড়ে বলে জানিয়েছে এএফপি।

দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত জাতীয় পুলিশ কমিশনার পুলেং দিমপানে জানান, ডারবানে সহিংসতার ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে, আদালতের রায় নিয়ে ছড়ানো ভুল তথ্যকে সহিংসতার জন্য দায়ী করেছে দেশটির সরকার।

অভিবাসনবিষয়ক আন্তমন্ত্রণালয় কমিটি জানিয়েছে, আদালতের রায় বাস্তবায়নের পর আশ্রয়ের আবেদন গ্রহণকারী কার্যালয়গুলোতে আবেদনকারীর সংখ্যা বেড়েছে।

অতিরিক্ত চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে এসব কার্যালয়।

আদালতের রায়ে অনিয়মিতভাবে দেশে প্রবেশ করা বা নির্ধারিত শর্ত পূরণে ব্যর্থ ব্যক্তিদের আশ্রয়ের আবেদন করার ক্ষেত্রে কিছু প্রক্রিয়াগত বাধা তুলে দেওয়া হয়েছে।

এ সিদ্ধান্তকে ঘিরে অভিবাসীবিরোধী বিক্ষোভ ও সহিংসতা দেশটির পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

আজকের সিলেট / জেকেএস

সিলেটজুড়ে


মহানগর