লংমার্চে গিয়ে গাড়ির টোল দেয়নি বিরোধী দল: রিজভী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ AM

লংমার্চে গিয়ে গাড়ির টোল দেয়নি বিরোধী দল: রিজভী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩/০৯/২০২৬ ১০:০২:৩০ AM

লংমার্চে গিয়ে গাড়ির টোল দেয়নি বিরোধী দল: রিজভী


জ্বালানি সংকটের মধ্যে সাড়ে চারশো গাড়ি নিয়ে রংপুরে লংমার্চ করতে গিয়ে বিরোধী দলের কিছু গাড়ি টোল পরিশোধ করেনি বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ‘গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার ও বিরোধী দলের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভীর দাবি, জ্বালানি সংকটের বর্তমান পরিস্থিতি এবং বিশ্ব রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় না নিয়েই বিরোধী দল রংপুরে লংমার্চের কর্মসূচি পালন করেছে। তার ভাষ্য, এ ধরনের কর্মসূচির মাধ্যমে জনমনে ধোঁয়াশা তৈরি করা হচ্ছে। লংমার্চে যাওয়ার পথে কিছু গাড়ির টোলও পরিশোধ করা হয়নি বলে তিনি উল্লেখ করেন।

জ্বালানি তেলের প্রসঙ্গ তুলে বিএনপির এই নেতা বলেন, দেশের অধিকাংশ জ্বালানি তেল হরমুজ প্রণালী দিয়ে আসে। মূল্য সমন্বয়ের পরও সরকারকে ৭০ টাকা ভর্তুকি দিতে হবে বলে দাবি করেন তিনি। একই সঙ্গে তার অভিযোগ, জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে।

আলোচনায় বিগত সরকারের প্রসঙ্গও তোলেন রিজভী। তিনি বলেন, শেখ হাসিনা গুম, খুন ও মিডিয়া নিয়ন্ত্রণ করতেন। বিরোধীরা আবারও একই পথে হাঁটছে কি না, সে প্রশ্নও তোলেন তিনি।

দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনাগুলো নিয়েও বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। তার দাবি, এসব ঘটনা কেবল পতিত স্বৈরাচারের কর্মকাণ্ড নয়; সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে।

জামায়াতে ইসলামীর সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, জনগণের পক্ষের কোনো আন্দোলনে দলটির ভূমিকা নেই। তার ভাষায়, তাদের নীতি ও নৈতিকতা নেই এবং তারা মোনাফেকি করছে। জনগণের সঙ্গে বারবার প্রতারণা করেও জামায়াত চূড়ান্ত সফলতা অর্জন করতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।

বর্তমান সরকারের কর্মকাণ্ড নিয়েও বক্তব্য দেন রিজভী। তিনি অভিযোগ করেন, অপপ্রচারের ঘেরাটোপ তৈরি করে ন্যায়সংগত সরকারের কার্যক্রম বাধাগ্রস্ত করা হচ্ছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর