মাধবপুর সীমান্তে ২০ কেজি গাঁজা ও ২৭০ বোতল ইস্কফ সিরাপ উদ্ধার
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ PM

মাধবপুর সীমান্তে ২০ কেজি গাঁজা ও ২৭০ বোতল ইস্কফ সিরাপ উদ্ধার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৯/২০২৬ ০৮:২৪:৪৩ PM

মাধবপুর সীমান্তে ২০ কেজি গাঁজা ও ২৭০ বোতল ইস্কফ সিরাপ উদ্ধার


হবিগঞ্জের মাধবপুর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে ২০ কেজি গাঁজা ও ২৭০ বোতল ইস্কফ সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার ভোর ৪টা ৫০ মিনিটের দিকে উপজেলার জয়নগর এলাকায় এ অভিযান চালায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর ধর্মঘর বিওপির একটি টহলদল।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১৯৯২/২২-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জয়নগর এলাকায় অবস্থান নেয় টহলদলটি। এ সময় ভারতের দিক থেকে ১৪-১৫ জন ব্যক্তি ব্যাগ হাতে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে।

বিজিবির সদস্যরা তাদের ধাওয়া করলে ব্যাগ ফেলে পালিয়ে যায় ওই ব্যক্তিরা। পরে ফেলে যাওয়া ব্যাগগুলোতে তল্লাশি চালিয়ে পলিথিন ও কাগজে মোড়ানো অবস্থায় মাদকদ্রব্যগুলো পাওয়া যায়।

উদ্ধার করা মালামালের মধ্যে ছিল ২০ কেজি গাঁজা এবং ২৭০ বোতল ইস্কফ সিরাপ।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার হওয়া মালিকবিহীন ভারতীয় মাদকদ্রব্যের বিষয়ে হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে অবহিত করা হয়েছে। পরবর্তী সময়ে ধ্বংসের জন্য উদ্ধার করা মাদকদ্রব্য ব্যাটালিয়ন সদরে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা রক্ষা ও চোরাচালান ঠেকাতে সীমান্ত এলাকায় নিয়মিত টহল এবং গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত থাকবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর