সিলেটে পর্যটন, চা, বস্ত্র ও গ্যাস খাতে প্রবাসী বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ PM

সিলেটে পর্যটন, চা, বস্ত্র ও গ্যাস খাতে প্রবাসী বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫/০৯/২০২৬ ০৬:১৮:৩৬ PM

সিলেটে পর্যটন, চা, বস্ত্র ও গ্যাস খাতে প্রবাসী বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির


বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদানের কথা তুলে ধরে দেশের সম্ভাবনাময় বিভিন্ন খাতে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ করে সিলেটের পর্যটন, চা, বস্ত্র ও গ্যাস খাতে প্রবাসীদের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। মঙ্গলবার বিকেলে সিলেট নগরভবন প্রাঙ্গণে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন রাষ্ট্রপতি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। সিলেটে পর্যটনের বিপুল সম্ভাবনা রয়েছে এবং এই খাতকে আরও এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে। প্রবাসীরা পর্যটন খাতে বিনিয়োগ করলে সিলেটের পর্যটন আরও সমৃদ্ধ হবে।

তিনি আরও বলেন, সিলেটের চা, বস্ত্র ও গ্যাস খাতে প্রবাসী বিনিয়োগ বাড়ানো গেলে দেশের অর্থনৈতিক উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে।

দেশের গণতন্ত্র প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, অত্যন্ত গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত এই গণতন্ত্রকে এগিয়ে নিতে সরকার কাজ করছে।

দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করতে অভিন্ন ইস্যুতে সবাইকে ঐকমত্যে পৌঁছে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

রাষ্ট্রপতি বলেন, তিনি দল নিরপেক্ষ হয়ে কাজ করার শপথ নিয়েছেন। দল, মত ও গোষ্ঠীর ঊর্ধ্বে উঠে দেশের মানুষের জন্য কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

এর আগে মঙ্গলবার সকাল ১১টা ২৭ মিনিটের দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান রাষ্ট্রপতি। সফরের অংশ হিসেবে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করেন।

পরে বিকেল সাড়ে ৩টায় নগরভবন প্রাঙ্গণে রাষ্ট্রপতির সম্মানে নাগরিক সংবর্ধনা শুরু হয়। এতে সিলেটের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।

রাষ্ট্রপতিকে ঘিরে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে নগরভবন প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

তবে এই নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান বর্জন করেছে সিলেট মহানগর বিএনপি। দলটির মহানগরের কোনো নেতা সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেননি।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর