রাষ্ট্রপতির সংবর্ধনায় সিলেটের ঐতিহ্য তুলে ধরবে সিটি করপোরেশন
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ PM

রাষ্ট্রপতির সংবর্ধনায় সিলেটের ঐতিহ্য তুলে ধরবে সিটি করপোরেশন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫/০৯/২০২৬ ০৩:২৭:০৮ PM

রাষ্ট্রপতির সংবর্ধনায় সিলেটের ঐতিহ্য তুলে ধরবে সিটি করপোরেশন


রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফর উপলক্ষে নাগরিক সংবর্ধনার আয়োজন করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। অনুষ্ঠানে রাষ্ট্রপতির হাতে সিলেটের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক হিসেবে শীতল পাটি, চা গাছের রেপ্লিকা ও চা পাতা তুলে দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। তাঁর স্ত্রী ফার্স্ট লেডির জন্য রাখা হয়েছে মণিপুরী শাড়ি।

সিটি করপোরেশন সূত্র জানিয়েছে, সিলেটের স্থানীয় ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যকে উপহারের মাধ্যমে তুলে ধরতেই এসব সামগ্রী বেছে নেওয়া হয়েছে। শীতল পাটি ও চায়ের সঙ্গে সিলেটের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। পাশাপাশি মণিপুরী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাঁত ও পোশাকও এ অঞ্চলের সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ।

নাগরিক সংবর্ধনার প্রস্তুতি চূড়ান্ত হয়েছে জানিয়ে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, রাষ্ট্রপতিকে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি সিলেটের ঐতিহ্য ও সংস্কৃতির কিছু নিদর্শন উপহার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

উপহারের তালিকায় থাকা চা গাছের রেপ্লিকার মাধ্যমে সিলেটের চা-ঐতিহ্যকে বিশেষভাবে তুলে ধরা হবে। চা-বাগান ও চা উৎপাদনের জন্য পরিচিত এ অঞ্চলের প্রতীক হিসেবে রেপ্লিকার সঙ্গে চা পাতাও দেওয়া হবে।

অন্যদিকে শীতল পাটি সিলেটের লোকজ ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত একটি পরিচিত হস্তশিল্প। এটি উপহার দেওয়ার মধ্য দিয়ে স্থানীয় কারুশিল্পের ঐতিহ্যও তুলে ধরতে চায় সিটি করপোরেশন।

ফার্স্ট লেডির জন্য নির্ধারিত মণিপুরী শাড়ির মাধ্যমে সিলেটের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী তাঁতশিল্পকে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। সিলেটের মণিপুরী সম্প্রদায়ের বুনন ও নকশার শাড়ি দেশের বিভিন্ন স্থানে পরিচিত।

সিসিক সূত্র জানায়, নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে সিলেট অঞ্চলের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, রাজনৈতিক নেতা ও বিশিষ্ট নাগরিকেরা উপস্থিত থাকবেন। নাগরিক সমাজের সাতজন প্রতিনিধি অনুষ্ঠানে বক্তব্য দেবেন। এছাড়া কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যেরও বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

রাষ্ট্রপতির সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকালে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরে সার্কিট হাউসে গিয়ে গার্ড অব অনার গ্রহণ করেন। এরপর হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন তিনি।

সফরের পরবর্তী কর্মসূচিতে সিলেট সিটি করপোরেশনের আয়োজনে নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন রাষ্ট্রপতি। ওই অনুষ্ঠানেই তাঁর হাতে সিলেটের ঐতিহ্যের এসব উপহার তুলে দেওয়ার কথা রয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর