সিলেট সার্কিট হাউসে রাষ্ট্রপতি, গার্ড অব অনার গ্রহণ
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ PM

সিলেট সার্কিট হাউসে রাষ্ট্রপতি, গার্ড অব অনার গ্রহণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫/০৯/২০২৬ ০১:৫৮:১৪ PM

সিলেট সার্কিট হাউসে রাষ্ট্রপতি, গার্ড অব অনার গ্রহণ


সিলেট সার্কিট হাউসে পৌঁছে গার্ড অব অনার গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বেলা সোয়া ১২টার দিকে সার্কিট হাউস প্রাঙ্গণে নির্ধারিত আনুষ্ঠানিকতার অংশ হিসেবে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়।

এর আগে সকাল ১১টা ২৭ মিনিটে বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান রাষ্ট্রপতি। সেখানে তাকে স্বাগত জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, বিভিন্ন আসনের সংসদ সদস্য, রাজনৈতিক নেতা এবং প্রশাসনের কর্মকর্তারা।

বিমানবন্দর থেকে গাড়িবহর নিয়ে সার্কিট হাউসের উদ্দেশে রওনা হন রাষ্ট্রপতি। সেখানে পৌঁছানোর পর তাকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করা হয়।

আনুষ্ঠানিকতা শেষে হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের উদ্দেশে রওনা হন রাষ্ট্রপতি। দুপুর সাড়ে ১২টার দিকে সেখানে পৌঁছে মাজার জিয়ারত করার কথা রয়েছে তাঁর। পরে হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন তিনি।

রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে সিলেট নগরে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। বিমানবন্দর থেকে সার্কিট হাউস এবং দুই মাজারের পথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। তাঁর গাড়িবহর চলাচলের সময় গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানবাহন নিয়ন্ত্রণ করা হচ্ছে।

সফরসূচি অনুযায়ী, দুই মাজার জিয়ারত শেষে সার্কিট হাউসে ফিরে কিছু সময় বিশ্রাম নেবেন রাষ্ট্রপতি। বিকেলে নাগরিক সংবর্ধনায় অংশ নেওয়ার পর সন্ধ্যায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে ঢাকার উদ্দেশে সিলেট ছাড়ার কথা রয়েছে তার।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর