সিলেট বিভাগে হামে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ১৬৫
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ PM

সিলেট বিভাগে হামে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ১৬৫

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ১৫/০৯/২০২৬ ১১:৫৯:১২ AM

সিলেট বিভাগে হামে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ১৬৫


সিলেট বিভাগে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। ৭ মাস বয়সী শুভ তালুকদার সুনামগঞ্জের শাল্লা উপজেলার বাসিন্দা। মঙ্গলবার স্বাস্থ্য বিভাগের প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, তাকে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ নিয়ে চলতি বছরে বিভাগটিতে সন্দেহজনক ও নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৫ জনে। মঙ্গলবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়নি। তবে একই সময়ে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১৯৩ জন।

নতুন ভর্তি রোগীদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫৮ জন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৭১ জন ভর্তি হয়েছে। এ ছাড়া সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২২ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৩ জন এবং গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৬ জন ভর্তি হয়েছে। বিভাগের অন্যান্য হাসপাতালেও সন্দেহজনক হামে আক্রান্ত রোগীদের ভর্তি করা হয়েছে।

নতুন রোগী বাড়ায় হাসপাতালগুলোতে চিকিৎসাসেবার ওপর চাপও বাড়ছে। মঙ্গলবার পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ৪৯০ জন।

এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৬৪ জন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৬৩ জন চিকিৎসা নিচ্ছে। সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছে আরও ৩৯ জন।

স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হামে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৪৪ জন।

জেলাভিত্তিক হিসাবে, সিলেটে ৩৭৬ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে।

মৃত্যুর হিসাবেও সিলেট ও সুনামগঞ্জে তুলনামূলক বেশি প্রাণহানি দেখা গেছে। স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত সিলেটে সন্দেহজনক হামে ৬৩ জন এবং নিশ্চিত হামে ৪ জনের মৃত্যু হয়েছে।

হবিগঞ্জে সন্দেহজনক হামে মারা গেছে ১৯ জন এবং নিশ্চিত হামে ৪ জন। মৌলভীবাজারে এ সংখ্যা যথাক্রমে ১৩ ও ১ জন। আর সুনামগঞ্জে সন্দেহজনক হামে ৬০ জন এবং নিশ্চিত হামে ১ জনের মৃত্যু হয়েছে।

সব মিলিয়ে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ১৬৫ জন। একই সময়ে নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৪৪ জন।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর