সিদ্ধ ডিম ফ্রিজে কতদিন ভালো থাকে, কী বলছে খাদ্যনিরাপত্তার নিয়ম
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ PM

সিদ্ধ ডিম ফ্রিজে কতদিন ভালো থাকে, কী বলছে খাদ্যনিরাপত্তার নিয়ম

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১৫/০৯/২০২৬ ০৯:৫০:৪৩ AM

সিদ্ধ ডিম ফ্রিজে কতদিন ভালো থাকে, কী বলছে খাদ্যনিরাপত্তার নিয়ম


ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। কিন্তু খাওয়ার পর কিছু ডিম থেকে গেলে সেগুলো কতদিন নিরাপদে রাখা যায়, তা নিয়ে অনেকেরই প্রশ্ন থাকে। সঠিক নিয়ম মেনে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার প্রয়োজন নেই। তবে কাঁচা ডিমের মতো রান্না করা ডিম ঘরের তাপমাত্রায় রেখে দেওয়া নিরাপদ নয়।

সিদ্ধ করার পর ডিম দ্রুত ঠান্ডা করে ফ্রিজে রাখা জরুরি। সাধারণভাবে রান্না করা ডিম দুই ঘণ্টার মধ্যে ফ্রিজে রাখতে হবে। তবে পরিবেশের তাপমাত্রা ৯০ ডিগ্রি ফারেনহাইট বা প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে এই সময়সীমা কমে এক ঘণ্টায় নেমে আসে। উষ্ণ পরিবেশে সালমোনেলাসহ খাদ্যবাহিত জীবাণু দ্রুত বংশবিস্তার করতে পারে।

অর্থাৎ, সকালে ডিম সিদ্ধ করে কয়েক ঘণ্টা রান্নাঘরের টেবিলে রেখে পরে ফ্রিজে দেওয়া নিরাপদ পদ্ধতি নয়। দুই ঘণ্টার বেশি সময় বাইরে পড়ে থাকা সিদ্ধ ডিম না খাওয়াই ভালো।

ডিম সিদ্ধ করার পর যত দ্রুত সম্ভব ঠান্ডা করে পরিষ্কার ও ঢাকনাযুক্ত পাত্রে রাখতে হবে। এরপর সেটি এমন ফ্রিজে সংরক্ষণ করা উচিত, যার তাপমাত্রা ৪০ ডিগ্রি ফারেনহাইট বা প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে।

খোসাসহ রাখাই ভালো

সম্ভব হলে সিদ্ধ ডিমের খোসা না ছাড়িয়ে সংরক্ষণ করা ভালো। খোসা ডিমের ভেতরের অংশকে বাইরের পরিবেশের সরাসরি সংস্পর্শ থেকে কিছুটা সুরক্ষা দেয়।

এফডিএ ও ইউএসডিএর নির্দেশনা অনুযায়ী, সিদ্ধ ডিম খোসাসহ কিংবা খোসা ছাড়ানো অবস্থায় ফ্রিজে সর্বোচ্চ সাত দিন রাখা যায়। তবে ফ্রিজের দরজার তাকে না রেখে ভেতরের তুলনামূলক স্থির ঠান্ডা অংশে রাখা ভালো। কারণ, দরজা বারবার খোলার ফলে সেখানে তাপমাত্রার ওঠানামা বেশি হতে পারে।

ডিপ ফ্রিজে রাখার পরামর্শ নেই

সিদ্ধ ডিম সংরক্ষণের জন্য ডিপ ফ্রিজ বা ফ্রিজারের ব্যবহার না করাই ভালো। সেখানে রাখলে ডিমের গঠন বদলে যেতে পারে এবং বিশেষ করে সাদা অংশের স্বাদ ও টেক্সচারে পরিবর্তন আসতে পারে। এফডিএর খাদ্যনিরাপত্তা নির্দেশনাতেও সিদ্ধ ডিমের জন্য ফ্রিজে এক সপ্তাহের সময়সীমা দেওয়া হয়েছে এবং ফ্রিজারে না রাখার পরামর্শ রয়েছে।

কুসুমের চারপাশে সবুজাভ রং মানেই নষ্ট নয়

সিদ্ধ ডিম কাটার পর কুসুমের চারপাশে ধূসর বা সবুজাভ একটি আবরণ দেখা গেলে অনেকেই সেটিকে নষ্ট হওয়ার লক্ষণ মনে করেন। তবে সব ক্ষেত্রে তা ঠিক নয়। সাধারণত ডিম অতিরিক্ত সময় ধরে বা বেশি তাপে সিদ্ধ করলে কুসুমের চারপাশে এমন রং তৈরি হতে পারে।

তবে ফ্রিজে সংরক্ষিত ডিমে তীব্র দুর্গন্ধ, অস্বাভাবিক পিচ্ছিলতা কিংবা অন্য কোনো দৃশ্যমান পরিবর্তন দেখা দিলে সেটি খাওয়া উচিত নয়। এমন ডিম ফেলে দেওয়াই নিরাপদ।

ফলে একসঙ্গে ৭-৮টি ডিম সিদ্ধ করে দু-একটি বেঁচে গেলে দুশ্চিন্তার কারণ নেই। শুধু খেয়াল রাখতে হবে, সিদ্ধ করার দুই ঘণ্টার মধ্যে ডিম ফ্রিজে রাখা হয়েছে কি না এবং সাত দিনের মধ্যে তা খেয়ে ফেলা হয়েছে কি না। এই নিয়ম মেনে চললে আগে থেকে সিদ্ধ করে রাখা ডিমও নিরাপদে খাওয়া সম্ভব।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর