হবিগঞ্জে বিদ্যালয়ের মেঝে ধসে ৫ শিক্ষার্থী আহত
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ PM

হবিগঞ্জে বিদ্যালয়ের মেঝে ধসে ৫ শিক্ষার্থী আহত

আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৯/২০২৬ ০৭:০৭:২৪ PM

হবিগঞ্জে বিদ্যালয়ের মেঝে ধসে ৫ শিক্ষার্থী আহত


হবিগঞ্জের আজমিরীগঞ্জে ক্লাস চলার সময় একটি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষের মেঝের একাংশ ধসে পড়ে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। সোমবার দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার বদলপুর ইউনিয়নের পিরিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কক্ষে এ দুর্ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীদের মধ্যে তাৎক্ষণিক চারজনের পরিচয় জানা গেছে। তারা হলো—রফিক মিয়ার ছেলে রাহিম বাদশা, আবু ছালেক মিয়ার ছেলে মো. আব্দুল মান্নান মিয়া, ছাদেক মিয়ার ছেলে মোজাক্কির মিয়া এবং রফিক মিয়ার অপর ছেলে আজিনুর মিয়া। তারা সবাই ওই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, দুপুরে ক্লাস চলার সময় হঠাৎ শ্রেণিকক্ষের মেঝেতে বড় ধরনের ফাটল দেখা দেয়। শিক্ষার্থীরা পরিস্থিতি বুঝে ওঠার আগেই মেঝের একটি অংশ নিচের দিকে ধসে পড়ে। এতে কক্ষে থাকা পাঁচ শিক্ষার্থী শরীরের বিভিন্ন স্থানে আঘাত পায়। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পর তাদের বাড়িতে পাঠানো হয়েছে।

বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সবুতর নেছা বলেন, ‘দুপুরে ক্লাস চলাকালে হঠাৎ করে কক্ষের মেঝে ধসে যায়। এ ঘটনায় পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। ঘটনাটির পর থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।’

ঘটনার কারণ সম্পর্কে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ মো. রফিকুল ইসলাম বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিক সরেজমিনে পরিদর্শন করেছি। মূলত মেঝের একপাশের বালি ও মাটি সরে যাওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে বিদ্যালয়ের ভবনটি নতুন ছিল।’

আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. জসিম উদ্দিন চৌধুরী বলেন, ‘ঘটনার পরপরই আহত শিক্ষার্থীদের স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি এলজিইডি প্রকৌশলী ও শিক্ষা কর্মকর্তাকে সরেজমিনে পাঠানো হয়েছে। তাদের পরিদর্শন প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জেনে প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর