নতুন করে বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তবে তা উড়িয়ে দিয়েছেন তার স্বামী সাইফ আলি খানের বোন সাবা আলি খান। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওর ভুল ক্যামেরা অ্যাঙ্গেল থেকেই এই জল্পনার শুরু বলে দাবি করেছেন তিনি। সম্প্রতি কারিনার হাঁটার একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওটি দেখে কয়েকজন নেটিজেন দাবি করেন, কারিনার পেট নাকি সন্তানসম্ভবা হওয়ার মতো আভাস দেখা যাচ্ছে। এরপরই তার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে সাইফের বোন সাবা সেই ভিডিওটি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে গুঞ্জনের জবাব দেন। তিনি জানান, একটি ভুল অ্যাঙ্গেলের কারণে মানুষ এমন ধারণা করছেন।
এ বিষয়ে সাবা লেখেন, খারাপ অ্যাঙ্গেলের দিন! কীভাবে সবাই এত বড় সিদ্ধান্তে পৌঁছে গেলেন? তিনি বিমানবন্দর থেকে বের হয়েছেন, দেখতে বেশ স্টাইলিশ, পরিপাটি ও স্লিম ছিলেন। আর আজ জিম থেকেও বের হয়েছেন। ব্যস, এটুকুই! এরপর ব্যক্তিগত বিষয় নিয়ে জল্পনা না করার অনুরোধ জানিয়েছেন সাবা। তার কথায়, আমি তো আমার বোন সোহা আলি খানকে দ্বিতীয় সন্তান নেওয়ার জন্য বোঝানোর চেষ্টা করছি। ইশ, যদি সত্যি হতো! এটা বলার জন্য ও আমাকে মেরে ফেলবে! সবাই নিজের মতো থাকুন, অন্যকেও নিজের মতো থাকতে দিন। কিছু বিষয় ব্যক্তিগতই থাকুক। কোনো জল্পনার প্রয়োজন নেই।
কারিনার অন্তঃসত্ত্বা হওয়ার খবর এরই মধ্যে তার টিমও অস্বীকার করেছে। ‘এইচটি সিটি’-কে কারিনার টিম জানিয়েছে, কারিনা অন্তঃসত্ত্বা নন। এটি সত্য নয়।
উল্লেখ্য, ২০১২ সালে সাইফ আলি খানের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন কারিনা কাপুর। ২০১৬ সালের ২০ ডিসেম্বর তাদের প্রথম সন্তান তৈমুর আলী খানের জন্ম হয়। এরপর ২০২১ সালের ২১ ফেব্রুয়ারি দ্বিতীয় সন্তানের মা হন কারিনা। তাদের দ্বিতীয় পুত্রের নাম জাহাঙ্গীর আলী খান।
আজকের সিলেট/বিএন/ জেকেএস
বিনোদন ডেস্ক 








