সিলেটে হামের লক্ষণ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ PM

সিলেটে হামের লক্ষণ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮/০৮/২০২৬ ০২:২৬:৩৯ PM

সিলেটে হামের লক্ষণ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু


সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশুদের মধ্যে ছয় মাস ৮দিন বয়সি তাসমিন হবিগঞ্জ সদর উপজেলার হৃদয়ের মেয়ে; সে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিল।

এ নিয়ে হাম বা হামের উপসর্গ নিয়ে এ বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৮ জনে।

মঙ্গলবার সকালের মধ্যে শিশু দুটি মারা যায় বলে সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম জানিয়েছেন।

অপর শিশু নয় মাস বয়সি তামিম সিলেটের বিশ্বনাথ উপজেলার বাসিন্দা জাহাঙ্গীর আলীর ছেলে। শিশুটি শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে মারা যায়।

এদিকে হাম পরিস্থিতি নিয়ে সিলেট স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৩৩১ রোগী চিকিৎসাধীন রয়েছেন। আগের ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ১১৫ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

হাম নিয়ে প্রতিবেদনে আরও বলা হয়েছে, সিলেটে এখন পর্যন্ত প্রাণ হারানো ১৩৮ জনের মধ্যে ছয়জনের ল্যাবরেটরি পরীক্ষায় হাম শনাক্ত হয়েছিল। বাকী ১৩২ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ল্যাবরেটরি পরীক্ষায় সিলেট বিভাগের ৯৮৮ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে বলে স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর