দুই বছরেও উদ্ধার হয়নি সিলেটে আন্দোলনে প্রদর্শিত অবৈধ অস্ত্র, অধরাই অস্ত্রধারীরা
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:০০ PM

দুই বছরেও উদ্ধার হয়নি সিলেটে আন্দোলনে প্রদর্শিত অবৈধ অস্ত্র, অধরাই অস্ত্রধারীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৫/০৮/২০২৬ ১১:৩৩:৪৬ AM

দুই বছরেও উদ্ধার হয়নি সিলেটে আন্দোলনে প্রদর্শিত অবৈধ অস্ত্র, অধরাই অস্ত্রধারীরা


২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে উত্তাল ছিল সিলেট। জুলাইজুড়ে নগরজীবনে ছিল আতঙ্কের আবহ। একদিকে পুলিশ ও তৎকালীন ক্ষমতাসীন দলের নেতাকর্মী, অন্যদিকে আন্দোলনরত ছাত্র-জনতা। ওই সময় পুলিশের সঙ্গে একজোট হয়ে অস্ত্র হাতে মাঠে নামেন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ক্যাডাররা।

৫ আগস্ট দুপুরে শেখ হাসিনা দেশত্যাগ করলে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এর পরপরই প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনকারী ক্যাডাররা আত্মগোপনে চলে যান। একই দিন সিলেটের বিভিন্ন থানা ও পুলিশ ফাঁড়ি থেকে লুট হয় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ। তবে ঘটনার দুই বছর পেরিয়ে গেলেও আন্দোলনের সময় প্রদর্শিত অবৈধ অস্ত্র কিংবা লুট হওয়া সব অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি। একই সঙ্গে অস্ত্রধারীদের অনেকেই এখনো গ্রেপ্তারের বাইরে রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ৫ আগস্টের পর অস্ত্রধারীদের অনেকে ভারত পালিয়ে যান। পরবর্তীতে তাদের মধ্যে কেউ কেউ অন্য দেশেও চলে গেছেন। অন্যদিকে পুলিশের লুট হওয়া অস্ত্রের একটি অংশ এখনো উদ্ধার হয়নি। এসব অস্ত্র উদ্ধার না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৮ জুলাই নগরীর আখালিয়া এলাকায় পুলিশের সঙ্গে জোটবদ্ধ হয়ে ছাত্র-জনতার ওপর হামলা চালায় ছাত্রলীগের ক্যাডাররা। পরে শেখ হাসিনার সরকারের পতনের আগের দিন, ৪ আগস্ট, ছাত্র-জনতার পূর্বনির্ধারিত সমাবেশস্থল কোর্ট পয়েন্টে অত্যাধুনিক অস্ত্র নিয়ে অবস্থান নেয় আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ক্যাডাররা।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ওই দিন অন্তত ৩০ জন ক্যাডার প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও গুলিবর্ষণ করে এলাকায় ত্রাসের সৃষ্টি করেন। পরে তারা জিন্দাবাজার, আম্বরখানা ও নয়াসড়কসহ নগরীর বিভিন্ন এলাকায় অস্ত্র উঁচিয়ে ঘোরাফেরা করে আতঙ্ক ছড়িয়ে দেয়।

এদিকে, ৫ আগস্ট সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে মোট ১০১টি আগ্নেয়াস্ত্র লুট হয়েছিল। এর মধ্যে ৮৫টি উদ্ধার করা হলেও এখনো ১৬টি অস্ত্রের কোনো হদিস মেলেনি।

এসএমপির উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আন্দোলনের সময় প্রদর্শিত অবৈধ অস্ত্র, লুট হওয়া অস্ত্র উদ্ধার এবং অস্ত্রধারীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

অন্যদিকে সিলেট জেলা পুলিশের বিভিন্ন থানা থেকে ৩১টি অস্ত্র লুট হয়েছিল। এর মধ্যে ২১টি উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন সিলেট জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক। তিনি বলেন, লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। একই সঙ্গে গোয়েন্দা তৎপরতাও জোরদার করা হয়েছে।

র‌্যাব-৯-এর অধিনায়ক উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী বলেন, অবৈধ অস্ত্র এবং পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধারে র‌্যাবের অভিযান চলমান রয়েছে। বিভিন্ন অভিযানে র‌্যাব পুলিশের লুট হওয়া বেশ কয়েকটি অস্ত্র, গুলি, সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল এবং টিয়ারশেল গ্রেনেড উদ্ধার করেছে। পাশাপাশি অবৈধ অস্ত্রধারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে র‌্যাবের তৎপরতাও অব্যাহত রয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর