যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা নতুন করে বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক তেলের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। সোমবারের শুরুতে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি পরিবহন ব্যাহত হওয়ায় এই ঊর্ধ্বগতির সৃষ্টি হয়েছে।
ইরানের হামলায় দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর টানা নবম রাতের মতো তেহরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে তেহরান অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তির প্রতিশ্রুতি স্থগিত করেছে এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে কার্যত নৌ চলাচল বন্ধ করে দিয়েছে। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ২ দশমিক ৭৫ ডলার বা ৩ দশমিক ১২ শতাংশ বেড়ে ৯০ দশমিক ৮৫ ডলারে পৌঁছেছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ২ দশমিক ৫৬ ডলার বা ৩ দশমিক ১০ শতাংশ বেড়ে ৮৫ দশমিক ৫ ডলারে উঠেছে।
বিশ্বের মোট তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ফলে এই গুরুত্বপূর্ণ নৌপথে চলাচল ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ সংকটের আশঙ্কা আরও বেড়েছে।
বিশ্লেষকদের মতে, জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা এবং সমুদ্রপথে পরিবহনের বীমা ব্যয় বৃদ্ধি পাওয়ায় আগামী দিনগুলোতেও আন্তর্জাতিক তেলের বাজারে অস্থিরতা অব্যাহত থাকতে পারে।
আজকের সিলেট/ডি/এসটি
আন্তর্জাতিক ডেস্ক 








