মুম্বাইয়ে ভবন ধসে পাঁচ শিশুসহ নিহত ৬
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:৫০ AM

মুম্বাইয়ে ভবন ধসে পাঁচ শিশুসহ নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৬/০৭/২০২৬ ১০:১৯:৪৩ AM

মুম্বাইয়ে ভবন ধসে পাঁচ শিশুসহ নিহত ৬


ভারতের মুম্বাইয়ের মানখুর্দ এলাকায় টানা ভারী বৃষ্টির মধ্যে একটি তিনতলা আবাসিক ভবনের অংশ ধসে পাঁচ শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার রাত সাড়ে ৮টার দিকে মানখুর্দের জনতা নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি) জানিয়েছে, ভবনটির দুই থেকে তিনটি কক্ষ হঠাৎ ধসে পড়লে ভেতরে থাকা বাসিন্দারা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন। খবর পেয়ে মুম্বাই ফায়ার ব্রিগেড, পুলিশ, বিএমসির উদ্ধারকর্মী এবং অ্যাম্বুলেন্সের একাধিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধারকারীরা আহত ও ক্ষতিগ্রস্তদের ধ্বংসস্তূপ থেকে বের করে রাজাবাড়ি হাসপাতাল ও শতাব্দী হাসপাতালে পাঠান।

শতাব্দী হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে নেওয়া আহতদের মধ্যে ৩২ বছর বয়সী এক নারী এবং ২ থেকে ১৪ বছর বয়সী চার শিশুসহ পাঁচজনকে মৃত ঘোষণা করা হয়। পরে আরও এক শিশুর মৃত্যু হলে নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়ায়। এদের মধ্যে পাঁচজনই শিশু।

এদিকে রাজাবাড়ি হাসপাতালে চিকিৎসাধীন ২৪ বছর বয়সী এক যুবকের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। স্থানীয় প্রশাসন দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টানা ভারী বর্ষণের কারণে ভবনটি দুর্বল হয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটেছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর