বিজিবির অভিযানে ৩টি বিদেশি পিস্তল ও বিপুল বিস্ফোরক উদ্ধার
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৫১ PM

বিজিবির অভিযানে ৩টি বিদেশি পিস্তল ও বিপুল বিস্ফোরক উদ্ধার

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৬/২০২৬ ০৭:৫২:৫৫ PM

বিজিবির অভিযানে ৩টি বিদেশি পিস্তল ও বিপুল বিস্ফোরক উদ্ধার


মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ডিমাই সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তিনটি বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বৃহস্পতিবার বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, একটি সংঘবদ্ধ চোরাচালানকারী চক্র পার্শ্ববর্তী দেশ থেকে সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক বাংলাদেশে নিয়ে আসার পরিকল্পনা করছে-এমন সুনির্দিষ্ট গোপন তথ্য পায় বিজিবি। এরপর সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি ও ঘন জঙ্গলবেষ্টিত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয় এবং সম্ভাব্য রুটগুলোতে বিশেষ টহল শুরু করা হয়।

বুধবার রাত সাড়ে ৩টার দিকে কতিপয় দুষ্কৃতকারীকে চ্যালেঞ্জ করলে তারা রাতের অন্ধকার ও গভীর জঙ্গলের সুযোগ নিয়ে পালিয়ে যায়।

পরে ব্যাপক তল্লাশি চালিয়ে সীমান্ত পিলার ১৩৮৫/এম থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মিশন নামক স্থান থেকে তিনটি বিদেশি পিস্তল, ৩ কেজি পাওয়ার জেল-৯০ উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক (২৩টি টিউব), ২৪টি ডেটোনেটর, ১৫ মিটার ডেটোনেটর তৈরির তার এবং দুটি কুকরি চাপাতি উদ্ধার করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান জানান, উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরকের উৎস, গন্তব্য এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং আইনি কার্যক্রম চলমান রয়েছে।

তিনি আরও বলেন, সীমান্তপথে অস্ত্র ও বিস্ফোরক চোরাচালান রোধের মাধ্যমে দেশের সার্বিক স্থিতিশীলতা বজায় রাখতে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।

এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর