দিল্লি প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন ভারতীয় আম্পায়ার ধর্মেশ ভরদ্বাজ। ব্যাটারের জোরালো স্ট্রেট ড্রাইভ সরাসরি মুখে আঘাত করার পর গুরুতর আহত হন তিনি। পরে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ভরদ্বাজ। ঘটনাটি ঘটে গত সোমবার (১৭ আগস্ট) অরুণ জেটলি স্টেডিয়ামে ইস্ট দিল্লি রাইডার্স ও নিউ দিল্লি টাইগার্সের ম্যাচে। নিউ দিল্লি টাইগার্সের ইনিংসের ১৮তম ওভারে আশিস মিনার করা বল খেলছিলেন ব্যাটার লক্ষ্য থারেজা।
ওভারের একটি বলে জোরালো স্ট্রেট ড্রাইভ খেলেন থারেজা। শটটি এতটাই দ্রুতগতির ছিল যে বোলার আশিস মিনা সেটি আটকানোর কোনো সুযোগই পাননি। বলটি সোজা চলে যায় আম্পায়ার ধর্মেশ ভরদ্বাজের দিকে। তখন বলের গতিপথে দাঁড়িয়ে ছিলেন ভরদ্বাজ। বিপদ বুঝতে পেরে তিনি সরে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু বলের গতি এত বেশি ছিল যে প্রতিক্রিয়া দেখানোর জন্য প্রয়োজনীয় সময় পাননি। মুহূর্তের মধ্যেই বলটি তার মুখের ডান পাশে, চোয়ালের নিচের অংশে আঘাত করে।
আঘাতের পরপরই মুখে হাত দিয়ে মাঠে বসে পড়েন ভরদ্বাজ। তার অবস্থা দেখে আতঙ্কিত হয়ে পড়েন ব্যাটার লক্ষ্য থারেজাও। দুই হাত মাথায় দিয়ে তাকে উদ্বিগ্ন অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পরে মাঠের খেলোয়াড়রা দ্রুত আম্পায়ারের কাছে ছুটে যান এবং চিকিৎসার ব্যবস্থা করা হয়। প্রাথমিক চিকিৎসার পর ভরদ্বাজকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পরে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। তবে তার শারীরিক অবস্থা নিয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। এ ঘটনায় এখন পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কিংবা দিল্লি প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।
ধর্মেশ ভরদ্বাজের জন্য এটি অবশ্য প্রথমবার মাঠে বলের আঘাত পাওয়ার ঘটনা নয়। এর আগেও দিল্লি প্রিমিয়ার লিগের একটি ম্যাচে ব্যাটারের শট তার কাঁধে আঘাত করেছিল। সেই চোট অবশ্য গুরুতর ছিল না। কিন্তু এবার সরাসরি মুখে বলের আঘাত পাওয়ায় পরিস্থিতি অনেক বেশি উদ্বেগের হয়ে উঠেছে। ঘটনাটি আবারও টি-টোয়েন্টি ক্রিকেটে আম্পায়ারদের নিরাপত্তার বিষয়টি সামনে এনেছে। বিশেষ করে টি-টোয়েন্টিতে ব্যাটাররা যখন প্রচণ্ড গতিতে স্ট্রেট ড্রাইভ কিংবা অন্যান্য শট খেলেন, তখন উইকেটের কাছাকাছি থাকা আম্পায়ারদের বল এড়িয়ে যাওয়ার সুযোগ থাকে খুবই কম।
ধর্মেশ ভরদ্বাজের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমেও আম্পায়ারদের নিরাপত্তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকেই উইকেটের কাছাকাছি অবস্থান করা আম্পায়ারদের জন্য হেলমেটসহ অতিরিক্ত সুরক্ষা সরঞ্জাম ব্যবহারের দাবি তুলেছেন। ম্যাচে অবশ্য ইস্ট দিল্লি রাইডার্স ৩৬ রানে নিউ দিল্লি টাইগার্সকে হারিয়েছে। তবে ম্যাচের ফলাফল ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন আম্পায়ার ধর্মেশ ভরদ্বাজের চোট। তার দ্রুত সুস্থতার জন্য শুভকামনা জানাচ্ছেন ক্রিকেটপ্রেমীরা।
আজকের সিলেট/ জেকেএস
ক্রীড়া ডেস্ক 








