সোমালিয়ার রেফারি কে যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, ছিটকে গেলেন বিশ্বকাপ থেকে
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১২:১৬ PM

সোমালিয়ার রেফারি কে যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, ছিটকে গেলেন বিশ্বকাপ থেকে

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০৯/০৬/২০২৬ ০৯:০৯:৪৩ AM

সোমালিয়ার রেফারি কে যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, ছিটকে গেলেন বিশ্বকাপ থেকে


বিশ্বকাপে দায়িত্ব পালনের জন্য নির্বাচিত সোমালিয়ার রেফারি ওমর আরতানকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। ফলে ইতিহাস গড়ার সুযোগ হারিয়ে আসন্ন বিশ্বকাপে আর ম্যাচ পরিচালনা করতে পারবেন না তিনি।

আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, ওমর আরতান ২০২৬ বিশ্বকাপে প্রশিক্ষণ ও ম্যাচ পরিচালনায় অংশ নিতে পারবেন না। ঘটনার দায় নিজেদের ওপর না নিয়ে ফিফা বলেছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের জানিয়েছে যে, বর্তমান সময়ে আরতানের অভিবাসন-সংক্রান্ত অবস্থার কোনো পরিবর্তন হবে না।

ফিফার ভাষ্য, আয়োজক দেশের ভিসা ও অভিবাসন প্রক্রিয়ায় তাদের কোনো ভূমিকা নেই। আগের আসরগুলোর মতোই কোনো ব্যক্তি ভিসা পাবেন এবং দেশে প্রবেশের অনুমতি পাবেন কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট সরকারের। গত সপ্তাহান্তে মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর ওমর আরতানকে যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দেওয়া হয়। যদিও তার বৈধ ভ্রমণ ভিসা ছিল বলে জানা গেছে।

সোমালিয়া বর্তমানে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জারি করা বিস্তৃত ভ্রমণ নিষেধাজ্ঞার আওতাভুক্ত কয়েকটি দেশের একটি। তবে ঠিক কী কারণে আরতানকে প্রবেশ করতে দেওয়া হয়নি, তা স্পষ্ট করা হয়নি। সোমালি সরকারের প্রতিনিধিরা এ সিদ্ধান্তের সমালোচনা করে বলেছেন, এটি ফুটবলের ন্যায্যতা ও খেলোয়াড়সুলভ মানসিকতার পরিপন্থী। সোমালিয়ার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ উপদেষ্টা এবং সাবেক জাতীয় দলের অধিনায়ক সিসে আদেন আবশির বলেন, ওমর আরতান আফ্রিকার সবচেয়ে সম্মানিত রেফারিদের একজন। পুরো ফুটবল বিশ্বের তার পাশে দাঁড়ানো উচিত।

তিনি আরও বলেন, তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দেওয়া এবং নির্ধারিত ম্যাচ পরিচালনার সুযোগ থেকে বঞ্চিত করা শুধু তার ব্যক্তিগত ক্ষতিই নয়, বরং ফুটবলের ন্যায্যতা, মেধার মূল্যায়ন এবং ফেয়ার প্লের চেতনাকেও ক্ষতিগ্রস্ত করেছে।

জানা গেছে, আরতান বর্তমানে তুরস্কের ইস্তাম্বুলে অবস্থান করছেন, যেখানে তিনি গত কয়েক মাস ধরে ছিলেন। গত বছর আফ্রিকার সেরা রেফারি নির্বাচিত হওয়া আরতান ২০২৩ সালের আফ্রিকা কাপ অব নেশনসে দায়িত্ব পালন করেন। ২০১৮ সাল থেকে তিনি ফিফার তালিকাভুক্ত আন্তর্জাতিক রেফারি। আসন্ন ছয় সপ্তাহব্যাপী বিশ্বকাপে ১০৪টি ম্যাচ পরিচালনার জন্য নির্বাচিত ১৭০ জন রেফারি, সহকারী রেফারি ও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) একজন ছিলেন তিনি।

সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদ এর আগে আরতানকে ‘নতুন প্রজন্মের সোমালীয়দের জন্য অনুপ্রেরণার প্রতীক’ বলে আখ্যায়িত করেছিলেন। বিশ্বকাপকে ঘিরে ভিসা ও ভ্রমণ-সংক্রান্ত জটিলতার আশঙ্কা আগে থেকেই ছিল, বিশেষ করে অভিবাসনবিরোধী নীতির কারণে। আরতান সেই তালিকায় যুক্ত হওয়া সর্বশেষ নাম।

ইরানের খেলোয়াড় ও কর্মকর্তারাও কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রে প্রবেশ নিয়ে সমস্যার মুখোমুখি হচ্ছেন। শেষ পর্যন্ত দেশটির অনুশীলন ক্যাম্প যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে মেক্সিকোতে নেওয়া হয়েছে। এ সপ্তাহে ইরানি কর্মকর্তারা অভিযোগ করেন, তাদের সহায়ক কর্মীদের শেষ মুহূর্তে ভিসা দেওয়া হয়নি। যদিও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এ দাবি অস্বীকার করেছে।

অন্যদিকে, ইরাকের স্ট্রাইকার আয়মান হুসেইনকে শিকাগোর ও’হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাত ঘণ্টা আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়। আর সুইজারল্যান্ডের মিডফিল্ডার ব্রিল এমবোলোর ভিসা আবেদনও প্রথমে প্রত্যাখ্যান করা হয়েছিল। পরে সুইস কর্তৃপক্ষ আপিলের মাধ্যমে সেই সিদ্ধান্ত পরিবর্তন করাতে সক্ষম হয়।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর