বিশ্বনাথে নিখোঁজের একদিন পর নদীতে ভেসে উঠল শিশুর মরদেহ
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:১৭ PM

বিশ্বনাথে নিখোঁজের একদিন পর নদীতে ভেসে উঠল শিশুর মরদেহ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৬/০৬/২০২৬ ০৬:৩৮:৪৪ PM

বিশ্বনাথে নিখোঁজের একদিন পর নদীতে ভেসে উঠল শিশুর মরদেহ


বিশ্বনাথে ললিপপ কিনতে গিয়ে নিখোঁজ হওয়া আবিদ আহমদ (৯) নামে এক মাদ্রাসাছাত্রের মরদেহ একদিন পর বাড়ির পাশের বাসিয়া নদী থেকে উদ্ধার করা হয়েছে। নিহত আবিদ আহমদ মজনপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে। তিনি সিলেটের একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দেওকলস ইউনিয়নের মজনপুর গ্রামে স্থানীয়রা নদীতে ভাসমান মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করে পুলিশকে খবর দেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঈদুল আজহার ছুটিতে আবিদ বাড়িতে আসে। শুক্রবার বিকেলে ললিপপ কিনতে বাসিয়া নদীর ওপারে একটি দোকানে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। দীর্ঘ সময় পার হলেও সে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। তবে রাত পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।

শনিবার সকালে বাসিয়া নদীতে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে পুলিশকে অবহিত করেন।

স্থানীয়দের ধারণা, দোকান থেকে ফেরার পথে নদীর ওপর নির্মিত বাঁশের সাঁকো পার হওয়ার সময় অসাবধানতাবশত পানিতে পড়ে যায় আবিদ। পরে পানিতে ডুবে তার মৃত্যু হয়।

দেওকলস ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য সুহেল খান বলেন, নিখোঁজ হওয়ার পরদিন সকালে নদীতে ভাসমান অবস্থায় আবিদের মরদেহ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাঁকো পার হওয়ার সময় নদীতে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে।

বিশ্বনাথ থানার এসআই বাবুল সিংহ বলেন, ঘটনাস্থল পরিদর্শন এবং পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গে কথা বলে পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর