কোম্পানীগঞ্জে ট্রাকশ্রমিক নেতা মো. আবুল হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছে ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন। শনিবারের মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে রোববার ভোর ৬টা থেকে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে সব ধরনের পণ্যবাহী যান চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন শ্রমিক নেতারা।
শনিবার এক বিবৃতিতে এ কর্মসূচির কথা জানান সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কোম্পানীগঞ্জ উপজেলা উপ-কমিটির সভাপতি কবির হোসেন ও সাধারণ সম্পাদক মাহফুজ মিয়া।
এর আগে বৃহস্পতিবার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও র্যাব-৯-এর অধিনায়কের কাছে স্মারকলিপি দিয়েছেন সংগঠনের জেলা সভাপতি আবু সরকার ও সাধারণ সম্পাদক মাসুম আহমদ লস্কর। স্মারকলিপিতে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
শ্রমিক নেতাদের ভাষ্য, গত ২১ মে নিজের ক্রাশার মিল বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে কোম্পানীগঞ্জ উপজেলার খাগাইল এলাকায় হামলার শিকার হন শ্রমিক নেতা আবুল হোসেন। একদল সশস্ত্র ব্যক্তি তার ওপর অতর্কিত হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ছয় দিন লাইফ সাপোর্টে থাকার পর ২৭ মে তার মৃত্যু হয়। পরে ঈদের দিন জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
শ্রমিক ইউনিয়নের নেতাদের অভিযোগ, ঘটনার পর বেশ কয়েক দিন পেরিয়ে গেলেও এখনো মূল অভিযুক্তদের কাউকে গ্রেপ্তার করা হয়নি। তাঁদের দাবি, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিরা প্রকাশ্যে থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা দৃশ্যমান নয়।
তবে অভিযোগ অস্বীকার করে কোম্পানীগঞ্জ থানার ওসি সুজন চন্দ্র কর্মকার বলেন, মামলার প্রধান আসামিদের গ্রেপ্তারে পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ যৌথভাবে অভিযান চালাচ্ছে। তদন্তের স্বার্থে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে এবং আসামিদের ধরতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।
আজকের সিলেট/এপি









