হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগান থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বয়স আনুমানিক ৩০ বছর বলে ধারণা করা হচ্ছে।
শনিবার সকালে সুরমা চা বাগানের ২০ নম্বর ডিভিশনের ১ নম্বর সেকশনের একটি নিচু ড্রেনের ওপর মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা মাধবপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মাধবপুর থানার ওসি সোহেল রানা জানান, স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
আজকের সিলেট/এপি/প্রতিনিধি
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি 








