মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে লোকমান মিয়া (২০) নামে এক পিকআপভ্যান চালকের মৃত্যু হয়েছে।
শনিবার ভোর প্রায় ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও চৌমুহনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হলে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন এবং গুরুতর আহত অবস্থায় পিকআপ চালককে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নিশাত নওয়াব মুমু জানান, ভোর সাড়ে ৫টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা সড়ক দুর্ঘটনায় আহত এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। নিহতের নাম লোকমান মিয়া (২০)। তিনি পিকআপ চালক ছিলেন। তার বাড়ি শ্রীমঙ্গল উপজেলার লালবাগ এলাকায়।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
সাতগাঁও হাইওয়ে থানার ওসি মামুন রহমান বলেন, দুর্ঘটনায় পিকআপচালক ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপ জব্দ করে হাইওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
আজকের সিলেট/এপি









