লটারিতে বিশ্বকাপের টিকিট, ইতিহাস গড়েছিল তুরস্ক
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:৪০ PM

লটারিতে বিশ্বকাপের টিকিট, ইতিহাস গড়েছিল তুরস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০৫/০৬/২০২৬ ১১:১৪:৪৪ AM

লটারিতে বিশ্বকাপের টিকিট, ইতিহাস গড়েছিল তুরস্ক


বিশ্বকাপের ইতিহাসে এমন ঘটনা আর কখনো ঘটেনি। ড্রয়ের মাধ্যমে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছিল তুরস্ক। ১৯৫৪ সালের সুইজারল্যান্ড বিশ্বকাপে জায়গা পাওয়ার সেই অবিশ্বাস্য গল্প আজও ফুটবল ইতিহাসের অন্যতম বিরল ঘটনা হিসেবে বিবেচিত হয়।

বর্তমান সময়ে বিশ্বকাপ বাছাইপর্ব মানেই দীর্ঘ লড়াই, পয়েন্ট টেবিল আর গোল ব্যবধানের হিসাব। তবে ১৯৫৪ বিশ্বকাপের বাছাইপর্বের নিয়ম ছিল একেবারেই ভিন্ন। তখন বিভিন্ন গ্রুপে তিনটি করে দল থাকত এবং প্রতিটি গ্রুপের শীর্ষ দল পেত মূল পর্বের টিকিট। কিন্তু রাজনৈতিক ও অর্থনৈতিক কারণে কয়েকটি দল মাঝপথে সরে দাঁড়ানোয় অনেক গ্রুপের সমীকরণ বদলে যায়।

তুরস্কের গ্রুপে ছিল স্পেন ও তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। কিন্তু কূটনৈতিক জটিলতায় সোভিয়েত ইউনিয়ন প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করলে মুখোমুখি লড়াইয়ে নেমে পড়ে তুরস্ক ও স্পেন।

প্রথম ম্যাচে মাদ্রিদে ৪-১ গোলের বড় জয় পায় স্পেন। ফলে তাদের বিশ্বকাপে যাওয়া প্রায় নিশ্চিত বলেই মনে হচ্ছিল। কিন্তু ইস্তাম্বুলে ফিরতি ম্যাচে ঘুরে দাঁড়ায় তুরস্ক। ১-০ গোলের জয়ে সমতায় ফেরে তারা। সে সময় গোল ব্যবধানের নিয়ম না থাকায় নিরপেক্ষ ভেন্যু হিসেবে রোমে আয়োজন করা হয় তৃতীয় ম্যাচের।

সেই ম্যাচও শেষ হয় ২-২ সমতায়। তখন টাইব্রেকারও চালু হয়নি। ফলে সিদ্ধান্ত নেওয়া হয় লটারির মাধ্যমে। চোখ বেঁধে একটি ব্যাগ থেকে কাগজ তুলেছিলেন ইতালির ছোট্ট শিশু ফ্রাঙ্কো জেম্মা। ভাগ্য সহায় হয় তুরস্কের, সেখানেই নিশ্চিত হয় তাদের প্রথম বিশ্বকাপ যাত্রা।

সুইজারল্যান্ড বিশ্বকাপে অবশ্য খুব বেশি দূর যেতে পারেনি তুরস্ক। প্রথম ম্যাচে জার্মানির কাছে ৪-১ গোলে হারে তারা। পরে দক্ষিণ কোরিয়াকে ৭-০ গোলে উড়িয়ে দিলেও আবারও জার্মানির মুখোমুখি হতে হয়। সেই ম্যাচে ৭-৪ গোলে হেরে বিদায় নেয় তুরস্ক। পরে সেই আসরেই নিজেদের প্রথম বিশ্বকাপ জেতে জার্মানি।

এরপর প্রায় অর্ধশতক বিশ্বকাপের মঞ্চে দেখা যায়নি তুরস্ককে। দীর্ঘ অপেক্ষার পর ২০০২ সালে ফিরে ইতিহাস গড়ে তারা। সেবার তৃতীয় স্থান অর্জন করে বিশ্বকে চমকে দিয়েছিল তুর্কিরা।

এবারও বিশ্বকাপে খেলবে তুরস্ক। এটি হবে তাদের তৃতীয় অংশগ্রহণ। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় এই আসরে ১৩ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের অভিযান।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর