কমলগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে হত্যার অভিযোগ
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৯:১১ PM

কমলগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

সংবাদদাতা

প্রকাশিত: ০২/০৬/২০২৬ ০৭:৫৭:৫৪ PM

কমলগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে হত্যার অভিযোগ


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জেরে রাজনা বেগম (৫০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের স্বজনদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নির্যাতনের পর তাকে জোরপূর্বক বিষপান করিয়ে হত্যা করা হয়েছে। তবে এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।

উপজেলার পতনঊষা ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাজনা বেগম মারা যান। ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত স্বামী আনোয়ার মিয়া ও তার দ্বিতীয় স্ত্রী বর্তমানে পলাতক রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আনোয়ার মিয়া কিছুদিন আগে এক তরুণীকে দ্বিতীয় বিয়ে করেন। এরপর প্রায় এক মাস তিনি বাড়ির বাইরে অবস্থান করেন। সম্প্রতি দ্বিতীয় স্ত্রীকে নিয়ে বাড়িতে ফিরে আসার পর থেকে পরিবারে অশান্তি শুরু হয়।

নিহতের স্বজনদের দাবি, দ্বিতীয় স্ত্রীর প্ররোচনায় আনোয়ার মিয়া নিয়মিত প্রথম স্ত্রী রাজনা বেগমের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। ঘটনার দিনও তাকে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।

পরিবারের সদস্যরা জানান, পরে অসুস্থ অবস্থায় রাজনা বেগমকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তবে মৃত্যুর কারণ নিয়ে ভিন্নমত রয়েছে। স্থানীয়ভাবে বিষপানের কথা প্রচার করা হলেও নিহতের পরিবারের অভিযোগ, নির্যাতনের পর তাকে জোর করে বিষপান করানো হয়েছে এবং ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে প্রচারের চেষ্টা করা হয়েছে।

নিহত রাজনা বেগমের চার কন্যাসন্তান রয়েছে। তাদের মধ্যে বড় মেয়ে বিবাহিত। অন্য দুই মেয়ে বিয়ের উপযুক্ত বয়সে রয়েছে এবং ছোট মেয়ের বয়স মাত্র ৮ বছর। মায়ের মৃত্যু ও বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগে পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

এ বিষয়ে কমলগঞ্জ থানার ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এলাকাবাসী ও নিহতের স্বজনরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর