দ্রব্যমূল্যের চাপ যাতে ভোক্তার ওপর বেশি না পড়ে, সে জন্য সরকার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণ করতে পারে বলে জানিয়েছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, শুল্ক, আমদানি নীতিমালা, কর ও ভ্যাটের হার সমন্বয়ের মাধ্যমে অনেক সময় বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সিলেট মহানগরীর বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকার সব সময় চেষ্টা করে যাতে দ্রব্যমূল্যের কারণে সাধারণ মানুষের কষ্ট না হয়। সেই বিষয়টি মাথায় রেখেই সরকার কাজ করে যাচ্ছে। বাজারের পরিস্থিতি স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।
তিনি আরও বলেন, সরকারের হাতে বাজার নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা বা মেকানিজম রয়েছে। শুল্ক, আমদানি সংক্রান্ত নীতিমালা, বিভিন্ন ধরনের কর ও ভ্যাটের হার কমানো বা বাড়ানোর মাধ্যমে অনেক সময় বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায়। এতে দ্রব্যমূল্যের চাপ ভোক্তার ওপর কম পড়ে।
অনুষ্ঠানে মন্ত্রী জানান, সিলেট মহানগরীতে প্রায় ৮০০টির বেশি মসজিদ রয়েছে। এসব মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার দেওয়া হচ্ছে। সিটি কর্পোরেশনের সভাপতির মাধ্যমে এই উপহার বিতরণ করা হবে।
দেশের বাইরে কোনো পণ্যের দাম বাড়লে তার প্রভাব দেশে পড়বে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার সব সময় সাধারণ মানুষের স্বার্থকে অগ্রাধিকার দেয়। বাজারে পণ্যের দাম যাতে সহনীয় পর্যায়ে থাকে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী আরও বলেন, এই সরকার জনগণের নির্বাচিত সরকার। তাই যেকোনো সিদ্ধান্ত নেওয়ার সময় মানুষের স্বার্থ ও কষ্টের বিষয়টিই সবার আগে বিবেচনায় রাখা হয়।
আজকের সিলেট/এপি
নিজস্ব প্রতিবেদক 








