শ্রমিকদের চিকিৎসা সহায়তা ও তাঁদের মেধাবী সন্তানদের শিক্ষার ব্যয় বহনে সরকার সহযোগিতা করবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, অসুস্থ ও দুর্ঘটনায় আহত শ্রমিকদের পাশে দাঁড়ানোর পাশাপাশি শ্রমিক পরিবারের সন্তানদের উচ্চশিক্ষা নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে।
শনিবার সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের ৩৪তম পরিচালনা বোর্ড সভায় অনুমোদিত অসুস্থ, দুর্ঘটনায় আহত ও নিহত শ্রমিক এবং তাঁদের পরিবারের সদস্যদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় শ্রমিকদের চিকিৎসা, সন্তানদের শিক্ষা এবং জীবনমান উন্নয়নে নানা উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। শ্রমিকদের দুঃসময়ে সরকারের এ সহায়তা তাঁদের পাশে থাকার একটি গুরুত্বপূর্ণ প্রতীক।
তিনি জানান, রিকশাচালকসহ বিভিন্ন পেশার শ্রমিকেরা কঠিন রোগে আক্রান্ত হলে নির্ধারিত নিয়মে আবেদন করে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। এ ক্ষেত্রে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট ইউনিয়নের মাধ্যমে আবেদন করলে যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া সহজ ও দ্রুত হবে।
শ্রমিক পরিবারের সন্তানদের শিক্ষার বিষয়ে গুরুত্বারোপ করে আরিফুল হক চৌধুরী বলেন, অর্থাভাবে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হয়ে যাক, সরকার তা চায় না। শিক্ষার্থীদের ফলাফল ও যোগ্যতা যাচাই করে প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেওয়া হবে। উপযুক্ত শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, এমনকি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার ব্যয় বহনেও সহযোগিতা করা হবে।
তিনি আরও বলেন, শ্রমিক পরিবারের সন্তানদের শিক্ষার সুযোগ বাড়ানো গেলে তারা ভবিষ্যতে চিকিৎসক, প্রকৌশলীসহ বিভিন্ন পেশায় দক্ষ জনশক্তি হিসেবে গড়ে উঠতে পারবে। এর মাধ্যমে শ্রমিক পরিবারের আর্থসামাজিক অবস্থার উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।
সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. ফরহাদ সিদ্দিকী এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মো. শামসুল ইসলাম।
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শ্রমিক এবং শ্রমিক পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
আজকের সিলেট/এপি









