নিরাপদ ও তথ্যভিত্তিক যুব অভিবাসন বিষয়ে সিলেটে সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটরদের কর্মশালা
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০০ AM

নিরাপদ ও তথ্যভিত্তিক যুব অভিবাসন বিষয়ে সিলেটে সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটরদের কর্মশালা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮/০২/২০২৬ ০৫:৪৪:১৬ PM

নিরাপদ ও তথ্যভিত্তিক যুব অভিবাসন বিষয়ে সিলেটে সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটরদের কর্মশালা


ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট অ্যাফেয়ার্স (আইডিয়া), দ্য এশিয়া ফাউন্ডেশনের সহায়তায়, “কমিউনিটি বেইজড অ্যাওয়ারনেস অ্যান্ড এনগেজমেন্ট ফর সেফ, লিগ্যাল অ্যান্ড ইনফর্মড ইয়ুথ মাইগ্রেশন” প্রকল্পের আওতায় সিলেটে সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটরদের নিয়ে একটি কর্মশালা আয়োজন করেছে।

হোটেল মেট্রো ইন্টারন্যাশনাল, সিলেটে আয়োজিত এ কর্মশালায় ফেসবুক, ইউটিউব ও অনলাইন সংবাদমাধ্যমে সক্রিয় ২৫ জন সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর অংশগ্রহণ করেন। কর্মশালার মূল উদ্দেশ্য ছিল যুব ও শিক্ষার্থী অভিবাসন বিষয়ে নিরাপদ, বৈধ ও তথ্যভিত্তিক বার্তা প্রচারে কনটেন্ট ক্রিয়েটরদের সম্পৃক্ত করা।

কর্মশালায় বিদেশে পড়াশোনা ও কাজের নামে ভুয়া তথ্য, প্রতারণা, অনৈতিক কনসালটেন্সি ও অতিরঞ্জিত সাফল্যের গল্প কীভাবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে—তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে এসব বিভ্রান্তিকর তথ্যের বিপরীতে দায়িত্বশীল ও সত্যনির্ভর কনটেন্ট তৈরিতে সোশ্যাল মিডিয়া ক্রিয়েটরদের ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়।

কর্মশালার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল দলভিত্তিক কনটেন্ট পরিকল্পনা সেশন। অংশগ্রহণকারীরা ট্রাভেল এজেন্সির প্রতারণা, স্টুডেন্ট ভিসা সংক্রান্ত জালিয়াতি, অননুমোদিত এজেন্ট ও মধ্যস্বত্বভোগী চিহ্নিতকরণ, বিদেশে যাওয়ার বাস্তব চিত্র এবং অনিরাপদ অভিবাসনের করুণ অভিজ্ঞতা নিয়ে সচেতনতামূলক ভিডিও, ইনফোগ্রাফিক ও গল্পভিত্তিক কনটেন্টের ধারণা উপস্থাপন করেন।

আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা অভিবাসন বিষয়ে কনটেন্ট তৈরির ক্ষেত্রে নৈতিকতা, তথ্য যাচাই এবং অতিরঞ্জন এড়িয়ে চলার প্রয়োজনীয়তা তুলে ধরেন। কর্মশালা শেষে ভবিষ্যতে আইডিয়া- এর সঙ্গে যৌথভাবে সচেতনতামূলক কনটেন্ট তৈরিতে আগ্রহ প্রকাশ করেন কনটেন্ট ক্রিয়েটররা।

এই কর্মশালার মাধ্যমে যুব ও শিক্ষার্থী অভিবাসন বিষয়ে সামাজিক মাধ্যমে নির্ভরযোগ্য, দায়িত্বশীল ও জনসচেতনতামূলক বার্তা প্রচারে একটি কার্যকর সহযোগিতার পথ তৈরি হয়েছে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর