শায়েস্তাগঞ্জে সেপটিক ট্যাংকে নেমে দু’জনের মৃত্যু
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:৩৪ PM

শায়েস্তাগঞ্জে সেপটিক ট্যাংকে নেমে দু’জনের মৃত্যু

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৭/২০২৫ ০৮:৫৬:১০ AM

শায়েস্তাগঞ্জে সেপটিক ট্যাংকে নেমে দু’জনের মৃত্যু


হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ পৌরসভার সাবাসপুরে নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে নির্মাণ শ্রমিক ও পাহারাদারসহ দু’জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- জেলার চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের পঞ্চাশ গ্রামের বাসিন্দা ভবনের পাহারাদার খন্দকার মানিক মিয়া (৬০) ও বানিয়াচং উপজেলার কাটখাল গ্রামের বাসিন্দা নির্মাণ শ্রমিক রফিকুল ইসলাম (৩০)। এ ঘটনায় ভবন নির্মাণের ঠিকাদার মোবাশ্বির মিয়া আহত হন।

শনিবার রাতে সাবাসপুরে খন্দকার আনোয়ার হোসেনের নির্মাণাধীন ভবনে এ ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের পঞ্চাশ গ্রামের খন্দকার আনোয়ার হোসেন পৌরসভার সাবাসপুর গ্রামে জমি ক্রয় করে বহুতল ভবনের নির্মাণ কাজ করছেন।

ঘটনার সময়ে নির্মাণ শ্রমিক ও পাহারাদার ট্যাংকের ভেতরে সাটারিং খোলার জন্য নেমে আটকা পড়েন। তবে, তারা বুঝতে পারেননি ভেতরে কী ভয়াবহ বিপদ অপেক্ষা করছে। বিষাক্ত গ্যাসে ধাপে ধাপে দু'জনই অচেতন হয়ে পড়েন। সেপটিক ট্যাংকে দুইজনেরই মৃত্যু হয়। আহত ঠিকাদার মোবাশ্বির মিয়াকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলামের নেতৃত্বে একদল কর্মী ঘটনাস্থলে এসে নিহতদের মরদেহ উদ্ধার করে। এ সময় শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব হোম দাস, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আ স ম আফজল আলী, প্রেসক্লাব সভাপতি মঈনুল হাসান রতন, সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল হাসানসহ শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ও আশপাশের লোকজন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ওই দু’জন নির্মাণাধীন ট্যাংকের নিচে নামেন সাটারিং খোলার জন্য। কিছুক্ষণের মধ্যেই বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তারা ট্যাংকের ভেতরে মারা যান।

শায়েস্তাগঞ্জ থানার ওসি দীলিপ কান্ত নাথ বলেন, সেপটিক ট্যাংকে পড়ে দু’জনের মৃত্যুর বিষয়টি খুব দুঃখজনক। আইনি প্রক্রিয়াতে মৃতদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর