সুনামগঞ্জের দিরাই উপজেলার বাংলাবাজার সংলগ্ন নতুন মির্জাপুর জামে মসজিদের পাশে হাওয়ার বন হাওরে ভাসমান অবস্থায় এক অজ্ঞাতনামা বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৬০ বছর। তার পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
মঙ্গলবার সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটের দিকে রাস্তার পূর্বপাশের হাওরে লাশটি দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, লাশটি বর্তমানে আইনানুগ প্রক্রিয়ার অংশ হিসেবে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
দিরাই থানার ওসি মো. আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। এখনো এলাকায় আছি। লাশের পরিচয় শনাক্তে সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য প্রচার করা হয়েছে। শুনছি, ইসলামপুর গ্রামের কয়েকজন তাঁকে চিনতে পেরেছেন। তাঁদের থানায় আসতে বলা হয়েছে।
আজকের সিলেট/এপি/প্রতিনিধি
সংবাদদাতা 








