সিলেট থেকে মদিনা গেলেন ৪১৯ হজযাত্রী
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:১৫ AM

ওসমানী বিমানবন্দর থেকে অপারেট হচ্ছে ৫টি ফ্লাইট

সিলেট থেকে মদিনা গেলেন ৪১৯ হজযাত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪/০৫/২০২৫ ০৫:৫৭:৫৮ AM

সিলেট থেকে মদিনা গেলেন ৪১৯ হজযাত্রী


এবারের হজে সিলেট থেকে সরাসরি প্রথম ফ্লাইটে মদিনা গেলেন ৪১৯ জন হাজযাত্রী। এবার সিলেট থেকে মোট ৫টি সরাসরি ফ্লাইট পরিচালিত হবে, প্রথম ফ্লাইট ছাড়া বাকি চারটি ফ্লাইট সরাসরি জেদ্দায় যাবে। এসব ফ্লাইটে মোট ২ হাজার ৯০ হাজী মদিনায় যাবেন।

বুধবার বিকেল ৫টা ২৫ মিনিটে সিলেট থেকে প্রথম হজ ফ্লাইটটি মদিনার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করে।

এদিকে সিলেট থেকে প্রথম হজ ফ্লাইট উপলক্ষে এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দোয়া মাহফিলের আয়োজন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট জেলা ব্যবস্থাপক মো. শাহনেওয়াজ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ন সচিব শফিউল আলম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার উজ জামান, আটাব সিলেট জোনের সভাপতি জিয়াউর রহমান খান রেজওয়ান ও হাব সিলেট অঞ্চলের চেয়ারম্যান মোঃ আব্দুল হক।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন ফারহান আহমেদ। হজ যাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন ইলিয়াস বক্ত চৌধুরী। মোনাজাত পরিচালনা করেন হযরত শাহজালাল (র.) এর দরগাহ মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা আসজাদ আহমেদ।

উল্লেখ্য, এবারও ‘রোড টু মক্কা’ কর্মসূচির আওতায় ঢাকাতেই দুই দেশের ইমিগ্রেশন হবে যাত্রীদের। তবে, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে গমনকারী যাত্রীদের সৌদি আরবের আগমনী ইমিগ্রেশন সৌদি আরবেই অনুষ্ঠিত হবে।

বিমানের সিলেট অফিস সূত্র জানায়, সিলেট অঞ্চলের হজযাত্রীদের দুর্ভোগের বিষয়টি মাথায় রেখে এবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫টি হজ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ৫টি ফ্লাইটে ৪১৯ জন করে মোট ২ হাজার ৯০ জন হজযাত্রী পরিবহন করা হবে। প্রথম দিনের ফ্লাইট ছাড়া বাকি ফ্লাইটগুলো সিলেট-জেদ্দা রুটে পরিচালিত হবে। এই চারটি ফ্লাইটের শিডিউল হচ্ছে ২৩, ২৫, ২৬ ও ২৯ মে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সিলেট থেকে এবার ২ হাজার ৭শ জন হজযাত্রী রয়েছেন। বিশেষ করে এবারের হজ কোটা ব্যবস্থাপনায় এজেন্সিপ্রতি এক হাজার হজযাত্রী বেঁধে দেওয়ায় তারা চরম অস্বস্তির মধ্যে পড়েন। সিলেট অঞ্চলে শতাধিক এজেন্সি কাজ করলেও ২১টি এজেন্সি ছিল সক্রিয়। পরে তারা সম্মিলিতভাবে তিনটি লিড এজেন্সির মাধ্যমে সিলেটের হজযাত্রীদের নিবন্ধনসহ যাবতীয় কার্যক্রম সম্পাদন করেন। সম্মিলিত ভাবে কাজ করা এই তিনটি এজেন্সি হচ্ছে লতিফ ট্রাভেলস প্রাইভেট লিমিটেড, এলাইট ট্রাভেলস ও আল ইহসান ট্রাভেলস।

সংশ্লিষ্টরা জানান, তিনটি লিড এজেন্সি ছাড়াও যে সকল এজেন্সি হজযাত্রী সংগ্রহে সমন্বয়ক এজেন্সি হিসেবে কাজ করেছে তাদের মধ্যে রয়েছে ইকরা ট্রাভেলস এন্ড ট্যুরস, সিপার এয়ার সার্ভিস, আল মনসুর এয়ার সার্ভিস, রাব্বানী এভিয়েশন সার্ভিসেস, আবাবিল এয়ার সার্ভিস, ট্রাভেলন এয়ার সার্ভিসেস, আল শরিফাইন ট্রাভেলস, নিবরাস ট্রাভেলস, তাশফিক ট্রাভেলস, সিটি ওভারসীজ, সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস, যাত্রীক ট্রাভেলস, আকাবা ট্রেডিং কর্পোরেশন, আলফা ট্রাভেলস, খাজা ট্রাভেলস, সানসাইন ট্রাভেলস, আকাবা ট্রাভেলস, ইশরা ট্রাভেলস ইত্যাদি।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর