কোম্পানীগঞ্জ উপজেলার পারুয়া ডাকঘর এলাকার মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় সুমন মিয়া (৩২) নামে একজন নিহত হয়েছেন, এবং আরও দু'জন আহত হয়েছেন। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। নিহত সুমন মিয়া ভাগারপাড় গ্রামের ইন্তাজ আলীর ছেলে।
নিহতের স্ত্রী জানান, দুপুর ২টার দিকে সুমন মিয়া মোটরসাইকেল নিয়ে ভোলাগঞ্জের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। কিছুক্ষণ পর তিনি দুর্ঘটনার খবর পান এবং দ্রুত পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সুমন মিয়ার দুইটি শিশু সন্তান রয়েছে।
আহতদের মধ্যে রাসেল মিয়া (২৫) এবং দুলাল মিয়া (৩০) গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। দুর্ঘটনাস্থলে কোম্পানীগঞ্জ থানার এসআই সজীব নিহতের সুরতহাল সম্পন্ন করেন।
কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় ১ জন নিহত ও ২ জন আহত হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি থানায় নিয়ে আসার জন্য চেষ্টা করা হচ্ছে।
আজকের সিলেট/ডি/এপি









