বৃহস্পতিবার (৪ জুলাই) অনুষ্ঠিত হয়ে গেল ব্রিটেনের হাউজ অব পার্লামেন্ট-এর সাধারণ নির্বাচন। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভাবে শেষ হলো এই ভোট উৎসব । ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে চার বাংলাদেশি বংশদ্ভোত কন্যার বারবার বিজয়ে ব্রিটিশ বাংলাদেশিরা গর্বিত । এখানে প্রায় ১০ লাখ বাংলাদেশী রয়েছেন । তারা এই জয়ের জন্য আনন্দ উল্লাস করছেন ।
ব্রিটিশ বাংলাদেশি চার কন্যা আবারো বিজয়ী হয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন ।
বিজয়ীরা হলেন রুশনারা আলী, তিনি পঞ্চম বারের মত এবার বিজয়ী হলেন। ১৫,৮৯৬ ভোট পেয়ে লেবার পার্টি থেকে এমপি নির্বাচিত হয়েছেন। বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিন অ্যান্ড বো আসন থেকে জয়লাভ করেছেন । যুক্তরাজ্যের পার্লামেন্টের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি হলেন রুশনারা আলী।
লেবার পার্টি থেকে হ্যাম্পস্টেড এবং হাইগেট আসন থেকে বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক চতুর্থবারের মতো বিজয়ী হন। তিনি মোট ভোট পেয়েছেন ২৩৪৩২ টি ।
ড. রুপা হক চতুর্থবারের মতো বিজয়ী হয়েছেন । লন্ডনের ইলিং সেন্ট্রাল এবং অ্যাক্টন আসন থেকে লেবার পার্টির মনোনয়ন নিয়ে ২২৩৪০ ভোট পেয়ে বিজয়ী হন তিনি । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির জেমস উইন্ডসর-ক্লাইভ পেয়েছেন ৮৩৪৫ টি ভোট ।
লেবার পার্টি থেকে আফসানা বেগম পপুলার ও লাইমহাউজ আসন থেকে বিপুল ভোট পেয়ে তিনি দ্বিতীয় মেয়াদে বিজয়ী হয়েছেন । তিনি মোট ভোট পেয়েছেন ১৮৫৩৫ টি । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গ্রিন পার্টির নাথালি সিলভিয়া বিনফাইট পেয়েছেন ৫৯৭৫ভোট।
রুশনারা আলী ও টিউলিপ সিদ্দিক এবং রুপা হক পূর্বে ছায়া মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন । এ কারণে উনাদের অভিজ্ঞতার কমতি নেই । এবার লেবার সরকার গঠন হলে উনাদের ক্যাবিনেটে মন্ত্রী হওয়ার জন্য ডাক পড়তে পারে । তখন এই দেশে ব্রিটিশ বাংলাদেশিরা আরেকটি নতুন ইতিহাস সৃষ্টি করবেন।সেই স্বপ্ন এখানকার বাংলাদেশিরা এখন দেখতে শুরু করেছেন ।
আজকের সিলেট/স্টাফ/কে.আর
আজিজুল আম্বিয়া 








