সত্য, ন্যায় ও জনস্বার্থের পক্ষে দায়িত্বশীল সাংবাদিকতার প্রত্যয় নিয়ে সিলেটের ওসমানীনগরে উদযাপিত হয়েছে জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বুধবার দুপুরে ওসমানীনগর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন নাহার আশা।
দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের সিলেট প্রতিনিধি সুয়েব আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, সংবাদপত্র সমাজের দর্পণ। একটি দায়িত্বশীল সংবাদমাধ্যম সমাজের অসংগতি, অনিয়ম ও দুর্নীতি তুলে ধরার পাশাপাশি মানুষের আশা-আকাঙ্ক্ষা এবং সম্ভাবনার কথাও সামনে নিয়ে আসে। বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতা গণতন্ত্র, সুশাসন ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বক্তারা আরও বলেন, প্রতিষ্ঠার প্রথম বছরেই দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পাঠকের আস্থা অর্জনে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিয়ে জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ প্রকাশের পাশাপাশি এলাকার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা প্রত্যাশা করেন।
এ সময় তাঁরা পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সততা, নিষ্ঠা ও বস্তুনিষ্ঠতা বজায় রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওসমানীনগর প্রেসক্লাবের সভাপতি শরীফ আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক রনিক পাল, দপ্তর সম্পাদক মাছুম আহমদ এবং সদস্য আব্দুর রকিব আনু ও আজকের সিলেট এর ওসমানীনগর প্রতিনিধি জুয়েল আহমদ প্রমুখ।
আলোচনা সভা শেষে কেক কেটে দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
আজকের সিলেট/ জেকেএস
ওসমানীনগর প্রতিনিধি 








