প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে সিলেটের ওসমানীনগরে ছুরিকাঘাতে সাইফুর রহমান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার শেরপুর টুলপ্লাজার পাশে লুৎফুর রহমানের দোকানে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনার পর হত্যাকারীকে গ্রেপ্তারের দাবিতে সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করেন উত্তেজিত জনতা।
নিহত সাইফুর রহমান উপজেলার সাদিপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের করম উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের মানিক মিয়ার ছেলে সেজু মিয়ার মেয়ের সঙ্গে সাইফুর রহমানের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় চার মাস আগে সাইফুর রহমানের হাত ধরে পালিয়ে যান ওই তরুণী। বিষয়টি জানাজানি হলে পারিবারিকভাবে এর সমাধান করা হয়।
এরই জের ধরে সোমবার দিবাগত রাতে শেরপুর টুলপ্লাজার পাশে লুৎফুর রহমানের দোকানে সাইফুর রহমান গেলে তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যান সেজু মিয়া। পরে রক্তাক্ত অবস্থায় সাইফুরকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর হত্যাকারীকে গ্রেপ্তারের দাবিতে উত্তেজিত জনতা সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রেপ্তারের আশ্বাস দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা।
আজকের সিলেট/ প্রতিনিধি/ জেকেএস
ওসমানীনগর প্রতিনিধি 








