মিরপুরে দাপুটে জয়ের আত্মবিশ্বাস নিয়ে এবার সিলেটের মাটিতে নামার অপেক্ষায় ওয়েস্ট ইন্ডিজ। দুই টেস্টের সিরিজের প্রথম ম্যাচে এক দিন হাতে রেখেই বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছে ক্যারিবীয়রা। সেই সাফল্যের ধারাবাহিকতা দ্বিতীয় টেস্টেও ধরে রাখতে চান দলের প্রধান কোচ ড্যারেন স্যামি। তবে সিলেটে বাংলাদেশের বিপক্ষে লড়াই যে সহজ হবে না, সেটিও স্বীকার করছেন তিনি।
আগামী ৫ নভেম্বর সিলেটে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এই ম্যাচেও আগ্রাসী ও লড়াকু মানসিকতা নিয়ে মাঠে নামার প্রত্যয় জানিয়েছেন স্যামি। তাঁর মতে, দলের খেলোয়াড়দের মধ্যে যে ক্ষুধা, একাগ্রতা ও কঠোর পরিশ্রমের মানসিকতা দেখা যাচ্ছে, তাতে বড় চ্যালেঞ্জ মোকাবিলার সামর্থ্য রয়েছে ওয়েস্ট ইন্ডিজের।
ঘরের মাঠে সিরিজ হার এড়াতে মরিয়া থাকবে বাংলাদেশ। অন্যদিকে বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্সও ওয়েস্ট ইন্ডিজেরই সাবেক ক্রিকেটার। দীর্ঘদিনের পরিচয়ের কারণে স্যামি ও সিমন্স একে অপরের কৌশল ও কাজের ধরন সম্পর্কে ভালো ধারণা রাখেন।
এ প্রসঙ্গে স্যামি বলেন, ‘ফিলকে আমি যতটুকু চিনি, তিনি কাজটা সহজ হতে দেবেন না। ওরাও জিততে চাইবে। টেস্ট চ্যাম্পিয়নশিপে তাদের নিজস্ব কিছু লক্ষ্য আছে।’
তবে প্রতিপক্ষের চ্যালেঞ্জ নিয়ে বিচলিত নন ক্যারিবীয় কোচ। তিনি বলেন, ‘ছেলেদের মধ্যে যে ক্ষুধা, একাগ্রতা আর পরিশ্রমের মানসিকতা দেখছি, তাতে সিলেটে যত বড় চ্যালেঞ্জই আসুক, আমরা প্রস্তুত। ঘরের মাঠে বাংলাদেশকে হারানো সহজ নয়, সেটা জেনেই আমরা অ্যাওয়ে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামব।’
বাংলাদেশের আবহাওয়া ও উইকেটের সঙ্গে মানিয়ে নিতে ভারতের চেন্নাইয়ে অনুষ্ঠিত প্রস্তুতি ক্যাম্পও দলের জন্য কার্যকর হয়েছে বলে মনে করেন স্যামি। তাঁর মতে, ওই ক্যাম্পে ব্যাটারদের প্রস্তুতির পাশাপাশি স্পিন মোকাবিলার সক্ষমতাও বেড়েছে।
স্যামি বলেন, ‘সবচেয়ে স্বস্তির বিষয় ছিল আমাদের লড়াই করার মানসিকতা। এর পেছনে চেন্নাই ক্যাম্পের অবদান অনেক। ব্যাটারদের নিয়ে যে কাজ হয়েছে, তার প্রতিফলন মাঠে দেখা গেছে। আমাদের স্পিনাররা প্রতিপক্ষের স্পিনারদের চেয়ে ভালো বল করেছে এবং ব্যাটাররাও স্পিন ভালোভাবে সামলেছে।’
আজকের সিলেট/ জেকেএস
ক্রীড়া ডেস্ক 








