বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

গোলাম পরওয়ার ‘ফাটা বাঁশের চিপায় পড়েছেন’, মন্তব্য রাশেদ খাঁনের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৮/১০/২০২৬ ১২:৪৫:৪৯ অপরাহ্ন

গোলাম পরওয়ার ‘ফাটা বাঁশের চিপায় পড়েছেন’, মন্তব্য রাশেদ খাঁনের


জামায়াতে ইসলামীর নেতা মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে এক গোয়েন্দা কর্মকর্তার বৈঠক নিয়ে দলটির বিবৃতি ও তাঁর বক্তব্যের সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। এ প্রসঙ্গে তিনি মন্তব্য করেছেন, গোলাম পরওয়ার ‘ফাটা বাঁশের চিপায় পড়েছেন’।

বুধবার (২৮ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে এ মন্তব্য করেন রাশেদ খাঁন।

পোস্টে তিনি প্রশ্ন তোলেন, জামায়াতের বিবৃতিতে বৈঠক না হওয়ার বিষয়টি স্পষ্টভাবে অস্বীকার করা হয়নি কেন। একই সঙ্গে বিবৃতিতে ভারতের প্রসঙ্গ উল্লেখ না করার বিষয়টিও তুলে ধরেন তিনি।

রাশেদ খাঁন লেখেন, “জামায়াতের এই বিবৃতির ভাষা কি প্রমাণ করে না যে মিয়া গোলাম পরওয়ার গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন? বিবৃতিতে কোথাও বৈঠক না হওয়ার বিষয়ে অস্বীকার করে নাই এবং বিবৃতিতে কোথাও ভারত শব্দটা পর্যন্ত আনে নাই! কেন?”

তিনি আরও লেখেন, গোলাম পরওয়ারকে রক্ষা করতে গিয়ে জামায়াতকে পুরো ঘটনার দায় নিতে হতে পারে। তাঁর দাবি, ভবিষ্যতে জামায়াতের নেতাকর্মীরা ‘দিল্লি না ঢাকা’ স্লোগান দিলে জনগণ এর জবাবে ‘মুনাফেক’ বলে স্লোগান দেবে।

গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেওয়ার ধরন নিয়েও সমালোচনা করেন রাশেদ খাঁন। তাঁর ভাষ্য, সাংবাদিক গোলাম পরওয়ারকে প্রশ্ন করতে চাইলে তিনি বা তাঁর পাশ থেকে কেউ বলেন, সেদিন অন্য প্রশ্ন নেওয়া হবে না। এরপরও বৈঠকসংক্রান্ত প্রশ্নের উত্তর দিয়ে তিনি অন্য প্রশ্নের জবাব দিতে চলে যান।

এ প্রসঙ্গে রাশেদ খাঁন প্রশ্ন করেন, অন্য প্রশ্নের উত্তর না দেওয়ার সিদ্ধান্ত থাকলে গোলাম পরওয়ার কেন প্রথম প্রশ্নের যথাযথ উত্তর না দিয়ে দ্বিতীয় প্রশ্নের যথাযথ উত্তর দিয়েছিলেন।

পোস্টের শেষাংশে গোলাম পরওয়ারের বক্তব্যের সমালোচনা করে রাশেদ খাঁন লেখেন, তাঁর ধারণা, বৈঠকসংক্রান্ত প্রশ্নের মুখে গোলাম পরওয়ার ইতস্তত বোধ করছিলেন। জামায়াতের ইসলামচর্চা নিয়েও প্রশ্ন তুলে তিনি লেখেন, “তাদের ইসলাম মানে কি টুপি মাথায় দিয়ে সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বানানো?”

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর