শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ১০৫, এক শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮/১০/২০২৬ ১২:২৮:১৭ অপরাহ্ন

সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ১০৫, এক শিশুর মৃত্যু


সিলেট বিভাগে হাম ও রুবেলার প্রাদুর্ভাবের মধ্যে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম আক্রান্ত ১০৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে নিশ্চিত হাম রোগী নতুন করে শনাক্ত না হলেও চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০৪ জনে।

বুধবার সকালে সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১ হাজার ১১৫। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৪৪২ জন, সুনামগঞ্জে ৩৫৭ জন, হবিগঞ্জে ১৫৮ জন এবং মৌলভীবাজারে ১৫৮ জনের হাম শনাক্ত হয়েছে।

এদিকে, বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হাম আক্রান্ত ৪৩৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৫ জন।

সর্বশেষ মারা যাওয়া শিশুটির নাম আবির হাসান। তার বয়স ৯ মাস। সে সুনামগঞ্জের ছাতক উপজেলার আশরাফুলের সন্তান। মঙ্গলবার সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, হাম ও এর উপসর্গে এ পর্যন্ত বিভাগে মোট ২০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেটে ৮৩ জন, সুনামগঞ্জে ৭৩ জন, হবিগঞ্জে ৩২ জন এবং মৌলভীবাজারে ১৬ জন মারা গেছেন।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর