বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০১ অপরাহ্ন

সিলেটে দুই নারীকে ভারতে পাচারের চেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮/১০/২০২৬ ১২:৫১:৫৬ অপরাহ্ন

সিলেটে দুই নারীকে ভারতে পাচারের চেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১


সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারে আসা দুই নারীকে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে ভারতে পাচারের চেষ্টার অভিযোগে মো. রামিম আহমদ (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সিলেটের জৈন্তাপুর থানার দরবস্ত বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। রামিম ওই এলাকার কলিম উল্লাহর ছেলে।

এসআরবি-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, ভুক্তভোগী সাগরিকা বেগম (৩৯) নড়াইল সদর উপজেলার বাহিরগ্রামের বাসিন্দা। গত ৮ অক্টোবর সকালে তিনি হযরত শাহজালাল (রহ.) মাজার শরিফ জিয়ারত করতে সিলেটে আসেন। সেখানে অনাছরিন বেগম নামে এক নারীর সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁরা দুজন জাফলং ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নেন।

মাজারের সামনে থেকে জাফলং যাওয়ার জন্য রামিম আহমদের মাইক্রোবাসে ৪০০ টাকা ভাড়ায় ওঠেন দুই নারী। অভিযোগ অনুযায়ী, গাড়িতে ওঠার পর রামিম তাঁদের ভারতে উচ্চ বেতনের চাকরির প্রস্তাব দেন। তাঁরা এতে রাজি না হলে ভয়ভীতি দেখানো হয়।

পরে রাত সাড়ে ১১টার দিকে তাঁদের জৈন্তাপুর মডেল থানার নিজপাট ইউনিয়নের ডিবির হাওর শাপলা বিল এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে হানিফ মিয়াসহ অজ্ঞাতপরিচয় আরও ৭ থেকে ৮ জনের সহায়তায় দুই নারীকে আবারও প্রলোভন দেখানো ও চাপ প্রয়োগ করা হয় বলে অভিযোগ রয়েছে।

তাঁদের ভারতে পাচার করা হতে পারে এমন আশঙ্কা থেকে পরিস্থিতি বুঝে কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে আসেন দুই নারী।

এ ঘটনায় সাগরিকা বেগম বাদী হয়ে জৈন্তাপুর থানায় মামলা করেন। পরে এসআরবি-৯ ছায়া তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি দল অভিযান চালিয়ে রামিমকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর তাঁকে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর