বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

পূজার বোনাস ও বকেয়া পাওনার দাবিতে মিরতিংগা চা বাগানে শ্রমিকদের ধর্মঘট

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৫/১০/২০২৬ ০৯:৫৩:৫৮ পূর্বাহ্ন

পূজার বোনাস ও বকেয়া পাওনার দাবিতে মিরতিংগা চা বাগানে শ্রমিকদের ধর্মঘট


শারদীয় দুর্গাপূজার বোনাস ও বকেয়া পাওনা পরিশোধের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিরতিংগা চা বাগানে অবস্থান ধর্মঘট করেছেন হাজারো শ্রমিক। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে বাগানের কারখানার ভেতরে এ কর্মসূচি পালন করেন তাঁরা।

চা বাগান সূত্রে জানা গেছে, বুধবার সকাল থেকেই কারখানার সামনে জড়ো হতে থাকেন শ্রমিকেরা। পরে বাগানের সব কর্মী একত্রিত হলে তাঁরা অবস্থান ধর্মঘট শুরু করেন।

কর্মসূচি চলাকালে শ্রমিক নেতারা জানান, পূজার বোনাস ও বকেয়া পাওনা পরিশোধ না হওয়া পর্যন্ত তাঁরা কর্মসূচি চালিয়ে যাবেন। মালিকপক্ষের কোনো ধরনের টালবাহানা মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।

শ্রমিক নেতাদের বক্তব্য, ‘আজ পূজার বোনাস ও বকেয়া না নিয়ে আমরা যাব না।’ দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তাঁরা।

এ বিষয়ে দেউন্ডি টি কোম্পানির মিরতিংগা চা বাগানের ব্যবস্থাপক রেজাউল হায়াত খান ইমন বলেন, প্রতিবছর দুর্গাপূজার আগে শ্রমিকদের ৬০ শতাংশ বোনাস দিতে হয়। তবে এবার কৃষি ব্যাংক থেকে নির্ধারিত সময়ে ঋণ না পাওয়ায় ৩০ শতাংশ বোনাসের ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও বলেন, শ্রমিকদের বোনাস দেওয়ার জন্য তাঁরা সর্বোচ্চ চেষ্টা করছেন। তবে ৬০ শতাংশ বোনাসের পাশাপাশি বকেয়া পাওনা পরিশোধের দাবিতে শ্রমিকেরা অনড় রয়েছেন।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর