সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ধারাবাহিক হামলার জেরে গত তিন দিনে ঢাকা থেকে সৌদিগামী ৫১টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ৫ হাজার ৪১৮ জন যাত্রী। সোমবার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রকাশিত তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে।
বেবিচকের তথ্য অনুযায়ী, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে সীমিত পরিসরে ফ্লাইট পরিচালিত হওয়ায় বাংলাদেশ থেকে সরাসরি ও ট্রানজিট উভয় ধরনের ফ্লাইটের সূচি ব্যাহত হয়েছে। ক্ষতিগ্রস্ত ৫১টি ফ্লাইটের মধ্যে ১২টি সরাসরি এবং ৩৯টি ট্রানজিট ফ্লাইট।
সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চারটি, ইউএস-বাংলা এয়ারলাইনসের দুটি, সাউদিয়া এয়ারলাইনসের তিনটি এবং রিয়াদ এয়ারওয়েজের তিনটি ফ্লাইট রয়েছে।
অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ১৬টি, সালাম এয়ারের তিনটি, ইজিপ্ট এয়ারের একটি, এমিরেটসের নয়টি, কাতার এয়ারওয়েজের পাঁচটি এবং ফ্লাই দুবাইয়ের পাঁচটি ফ্লাইট বিঘ্নিত হয়েছে।
এর আগে শনিবার (১০ অক্টোবর) রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি সশস্ত্র গোষ্ঠীর হামলায় ১২ জন নিহত হন। নিহতদের মধ্যে দুজন বাংলাদেশি ছিলেন। এ ঘটনায় বাংলাদেশিসহ অন্তত ৩০৯ জন আহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এরপর রোববার (১১ অক্টোবর) রাতে আবারও বিমানবন্দরটিতে হামলা হয়। এতে এক পাকিস্তানি নাগরিক নিহত এবং ১১ জন আহত হন। এ নিয়ে এক সপ্তাহে রিয়াদ বিমানবন্দরে অন্তত পাঁচবার হামলার ঘটনা ঘটেছে। এর আগে গত বৃহস্পতিবারের হামলায় এক পাইলটসহ তিন সৌদি নাগরিক নিহত হন।
প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারীরা বিমানবন্দরের অবকাঠামোর পাশাপাশি সৌদিয়া এয়ারলাইনসের একটি উড়োজাহাজকেও লক্ষ্যবস্তু করে। ওই ঘটনায় পাইলটের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
প্রায় দুই মাস ধরে ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহী এবং সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মধ্যে হামলা-পাল্টা হামলা চলছে। এ সংঘাতে রিয়াদের বিমানবন্দরটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এর আগে হুতিরা সৌদি আকাশসীমা ব্যবহার করে কোনো বিমানসংস্থা উড়োজাহাজ পরিচালনা করলে কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
হামলার পর কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ১২ অক্টোবর, সোমবার পর্যন্ত ফ্লাইট ওঠানামা স্থগিত রাখা হয়েছে। রোববার ও সোমবার মিলিয়ে সেখানে ছয় শতাধিক ফ্লাইট বাতিল হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
আজকের সিলেট/ জেকেএস









