শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় প্রতিটি পূজামণ্ডপে সরকারি চালের বরাদ্দ ১০০ কেজি বাড়িয়ে ৬০০ কেজি করা হয়েছে বলে জানিয়েছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ফয়সল। মঙ্গলবার দুপুরে মাধবপুর উপজেলার ১১৯টি পূজামণ্ডপের জন্য মোট ৭১ টন ৪০০ কেজি সরকারি চালের বরাদ্দ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। উপজেলা পরিষদের সংসদ সদস্যের পরিদর্শনকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সৈয়দ মোহাম্মদ ফয়সল বলেন, আগে প্রতিটি পূজামণ্ডপে ৫০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হতো। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় তা বাড়িয়ে ৬০০ কেজি করা হয়েছে।
বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য তুলে ধরে সংসদ সদস্য বলেন, এ দেশের মানুষ যুগ যুগ ধরে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্প্রীতির মধ্য দিয়ে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছেন। বিএনপি সরকার সব ধর্মের মানুষের ধর্মীয় মূল্যবোধ ও বিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল।
তিনি আরও বলেন, দুর্গাপূজা যাতে ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ ও আনন্দঘন পরিবেশে উদ্যাপিত হয়, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করে কাজ চলছে। মাধবপুর ও চুনারুঘাটসহ সারা দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন কাজ করছে।
‘ধর্ম যার যার, উৎসবের আনন্দ সবার’ উল্লেখ করে তিনি বলেন, পূজামণ্ডপের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন, পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় বিএনপি নেতাদের সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায়, মাধবপুর পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক লিটন, পূজা উদ্যাপন ফ্রন্টের আহ্বায়ক হীরেশ ভট্টাচার্য, স্বপন রায়সহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।
আজকের সিলেট/ জেকেএস
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি 








