সিলেটের বিয়ানীবাজার পৌরশহরের দিঘিরপার এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় হাসান আহমদ (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। পরে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।
হাসান পৌরশহরের খাসা গ্রামের আলী হোসেনের বড় ছেলে। সে নয়াবাজারের একটি মোটর মেকানিকের দোকানে কাজ করত।
স্থানীয় সূত্রে জানা যায়, জরুরি প্রয়োজনে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয় হাসান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কিশোর বয়সেই পরিবারের জীবিকার প্রয়োজনে কাজে যুক্ত হয়েছিল হাসান। যে সময়ে তার স্কুলে পড়াশোনা ও বন্ধুদের সঙ্গে খেলাধুলায় ব্যস্ত থাকার কথা, সেই বয়সেই তাকে কাজ করতে হচ্ছিল মোটর মেকানিকের দোকানে। তার এমন অকালমৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এ দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীও আহত হয়েছেন। তাঁর বাড়ি বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের চরিয়া গ্রামে বলে জানা গেছে।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আজকের সিলেট/ জেকেএস
বিয়ানীবাজার প্রতিনিধি 








