সিলেট বিভাগে ডেঙ্গুতে ৩ মৃত্যু, আক্রান্ত ৩৪৮
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ AM

সিলেট বিভাগে ডেঙ্গুতে ৩ মৃত্যু, আক্রান্ত ৩৪৮

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩/০৯/২০২৬ ০৩:৩০:৪০ PM

সিলেট বিভাগে ডেঙ্গুতে ৩ মৃত্যু, আক্রান্ত ৩৪৮


সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছেই। চলতি বছরে এখন পর্যন্ত বিভাগে ৩৪৮ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার একজন করে মোট তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য বিভাগের হিসাবে, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে কারও মৃত্যু হয়নি। তবে চলতি বছরে এরই মধ্যে তিনজন ডেঙ্গু আক্রান্তের মৃত্যু হয়েছে। নিহত তিনজনই সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বাসিন্দা।

গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে আটজনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর মধ্যে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে দুজন এবং সুনামগঞ্জ সদর হাসপাতাল ও মৌলভীবাজার সদর হাসপাতালে একজন করে রোগী শনাক্ত হয়েছেন।

নতুন শনাক্তদের যুক্ত করে চলতি বছরে সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩৪৮ জনে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩১ জন।

চিকিৎসাধীন রোগীদের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সাতজন এবং জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন রয়েছেন। হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন নয়জন। এ ছাড়া চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন, সুনামগঞ্জ সদর হাসপাতালে চারজন এবং মৌলভীবাজার সদর হাসপাতালে দুজন চিকিৎসাধীন রয়েছেন।

জেলা অনুযায়ী আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি হবিগঞ্জে। চলতি বছরে এ জেলায় এখন পর্যন্ত ১৪৭ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। সুনামগঞ্জে শনাক্ত হয়েছেন ৭৭ জন, সিলেটে ৭৪ জন এবং মৌলভীবাজারে ৩৭ জন।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, শনাক্ত হওয়া রোগীদের মধ্যে ১৩ জন সিলেট বিভাগের বাইরের বিভিন্ন এলাকা থেকে এসেছেন।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর