সিলেট নগরীর মিরের ময়দান এলাকায় বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের কমপ্লেক্সের ভেতর থেকে দেলোয়ার (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বেতার কেন্দ্রের কর্মীরা সীমানাপ্রাচীরের ভেতরে মরদেহটি পড়ে থাকতে দেখে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেন। খবর পেয়ে রাত পৌনে ৯টার দিকে কোতোয়ালি মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ শুরু করে।
পুলিশের তথ্য অনুযায়ী, নিহত দেলোয়ার নগরীর মুন্সিপাড়া এলাকার বাসিন্দা। বেতার কমপ্লেক্সের দেয়াল ঘেঁষে তার মরদেহটি পড়ে ছিল।
বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিক জানান, উদ্ধার হওয়া মরদেহটি বেতারের কোনো কর্মী কিংবা বেতারের সঙ্গে সংশ্লিষ্ট কারও নয়। কীভাবে মরদেহটি বেতার কমপ্লেক্সের ভেতরে এলো, তা খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় আইনি প্রক্রিয়ায় প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলেও জানান তিনি।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাইনুল জাকির বলেন, দেলোয়ারের শরীরে আঘাতের কোনো চিহ্ন আছে কি না এবং তার মৃত্যুর কারণ কী এসব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে। সুরতহাল ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
আজকের সিলেট/ জেকেএস









