দুই মাসেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী, আসামিরা প্রকাশ্যে—বাবার অভিযোগ
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ PM

দুই মাসেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী, আসামিরা প্রকাশ্যে—বাবার অভিযোগ

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২২/০৯/২০২৬ ০২:১৩:১৬ PM

দুই মাসেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী, আসামিরা প্রকাশ্যে—বাবার অভিযোগ


সুনামগঞ্জের তাহিরপুরে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের প্রায় দুই মাস পার হলেও তার সন্ধান মেলেনি। এ ঘটনায় দায়ের করা মামলার পাঁচ আসামির কেউই গ্রেপ্তার হয়নি বলে অভিযোগ করেছেন ছাত্রীর বাবা সাকিল পারভেজ। তাঁর দাবি, আসামিরা প্রকাশ্যেই ঘোরাফেরা করছেন।

তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির পরীক্ষার্থী ওই ছাত্রীকে গত ২৬ জুলাই সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে তাহিরপুর-সুনামগঞ্জ সড়ক থেকে অপহরণ করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়।

ঘটনার কয়েক দিন পর, ২ আগস্ট তাহিরপুর থানায় মামলা করেন ছাত্রীর বাবা সাকিল পারভেজ (৩৬)। মামলায় শেখ মহসীন এলিন পাশাসহ পাঁচজনকে আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, বিদ্যালয়ে যাতায়াতের পথে শেখ মহসীন এলিন পাশা ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতেন এবং তাকে কুপ্রস্তাব দিতেন। বিষয়টি পরিবারকে জানায় ছাত্রীটি। পরে তার বাবা মহসীন এলিন পাশার পরিবারকে এ বিষয়ে অবহিত করলে তারা ছেলের পক্ষ নিয়ে উত্তেজনাপূর্ণ ও অশালীন আচরণ করেন বলে অভিযোগ করা হয়েছে।

এরপর ২৬ জুলাই সকাল সাড়ে নয়টার দিকে বিদ্যালয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় ওই ছাত্রী। মামলার অভিযোগ অনুযায়ী, তাহিরপুর-সুনামগঞ্জ সড়ক থেকে শেখ মহসীন এলিন পাশা, শেখ কবির আহমেদ পাশা, শেখ শফিক আহমেদ পাশা, শেখ আলমগীর পাশা ও শেখ ফরহাদ পাশা তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যান।

ঘটনার পর মেয়েকে উদ্ধারের দাবিতে থানায় মামলা করেন সাকিল পারভেজ। তাঁর অভিযোগ, প্রায় দুই মাস পেরিয়ে গেলেও পুলিশ তাঁর মেয়ের সন্ধান দিতে পারেনি এবং মামলার আসামিদেরও গ্রেপ্তার করা হয়নি।

সাকিল পারভেজ বলেন, ‘ঘটনার দুই মাস পেরিয়ে গেলেও আমার স্কুলপড়ুয়া মেয়েকে পুলিশ উদ্ধার করতে পারেনি। মামলার আসামিদেরও আটক করা হয়নি। অথচ আসামিরা প্রকাশ্যেই ঘোরাফেরা করছেন।’

মেয়েকে দ্রুত উদ্ধারে সুনামগঞ্জের পুলিশ সুপারের হস্তক্ষেপ চেয়েছেন তিনি। একই সঙ্গে র‍্যাব ও ডিবির সহযোগিতাও কামনা করেছেন।

এদিকে, ঘটনার বিষয়ে পরিবার থেকে বিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়নি বলে জানিয়েছেন তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তরিকুল ইসলাম জুবায়ের।

তিনি বলেন, ‘আমার বিদ্যালয়ের ছাত্রী অপহরণ হয়ে এই বিষয়ে আমাকে পরিবারের পক্ষ থেকে কেউই জানায়নি, আপনার মুখে শুনলাম। পরিবারের পক্ষ থেকে লিখিতভাবে জানালে আমি আমার প্রতিষ্ঠানের সভাপতিসহ সকলের সাথে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো।’

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, ‘আমাদের পক্ষ থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধার ও মামলার আসামিদের আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।’

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর