ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম নিলেন মির্জা ফখরুলের ছোট ভাই
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ PM

ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম নিলেন মির্জা ফখরুলের ছোট ভাই

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬/০৯/২০২৬ ০৯:২৮:৫৮ AM

ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম নিলেন মির্জা ফখরুলের ছোট ভাই


রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেতে ফরম সংগ্রহ করেছেন তার ছোট ভাই মির্জা ফয়সাল আমিন। একই আসনে দলীয় মনোনয়ন চেয়ে আরও দুই নেতা ফরম নিয়েছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পৃথক সময়ে তারা মনোনয়ন ফরম সংগ্রহ করেন। অন্য দুই নেতা হলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী এবং জেলা বিএনপির আরেক সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সূত্র জানায়, মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত ঠাকুরগাঁও-১ আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিতরণ করা হয়। সংগ্রহ করা ফরম বুধবার (১৬ সেপ্টেম্বর) জমা দেওয়ার কথা রয়েছে। এরপর আগামী ১৮ সেপ্টেম্বর দলের পার্লামেন্টারি বোর্ড বা স্থায়ী কমিটির সভায় চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

মির্জা ফয়সাল আমিনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী। তিনি বলেন, দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার ও দলের সংগঠক হিসেবে মির্জা ফয়সাল আমিন তৃণমূলের আস্থাভাজন। দল তাকে মনোনয়ন দিলে তিনি বিপুল ভোটে জয়ী হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংসদীয় আসন ঠাকুরগাঁও-১ শূন্য হয়। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ হওয়ার কথা রয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর