মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা দিয়ে সুনামগঞ্জের দিরাইয়ে রাজপথে নেমেছেন সচেতন যুবসমাজ। শুক্রবার বাদ জুমআ দিরাই বাজার থেকে শুরু হওয়া মাদকবিরোধী মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা।
‘মাদকমুক্ত দিরাই চাই’ ও ‘যুবসমাজ বাঁচাও’সহ বিভিন্ন স্লোগান দেন মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা। মিছিলের নেতৃত্ব দেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজীব সরকার ও দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম। পরে থানা পয়েন্টে আয়োজিত সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় তাঁরা বক্তব্য দেন।
সভায় বক্তারা বলেন, মাদকের বিস্তার তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। শুধু প্রশাসনের অভিযান দিয়ে এ সমস্যা মোকাবিলা সম্ভব নয়; পরিবার ও সমাজকেও সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সন্তানদের ছোটবেলা থেকেই নৈতিক শিক্ষা দেওয়ার পাশাপাশি মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করার ওপর গুরুত্ব দেন তাঁরা।
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আব্দুল রশিদ চৌধুরী, দিরাই প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান লিটন, দিরাই উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিপন হাসান চৌধুরী, বৈষম্যবিরোধী ছাত্রনেতা অনিক মিয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও যুবসমাজের নেতৃবৃন্দ।
ইউএনও সনজীব সরকার বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না।
দিরাই থানার ওসি আমিনুল ইসলাম মাদক ব্যবসায়ীদের এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে বলেন, মাদক ব্যবসায়ীদের বিষয়ে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দিরাইকে মাদকমুক্ত করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আজকের সিলেট/ জেকেএস
দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি 








