সিলেটে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১২২ সন্দেহজনক হাম রোগী, মৃত্যু নেই
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ PM

সিলেটে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১২২ সন্দেহজনক হাম রোগী, মৃত্যু নেই

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ১১/০৯/২০২৬ ০৪:৩৭:০০ PM

সিলেটে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১২২ সন্দেহজনক হাম রোগী, মৃত্যু নেই


সিলেট বিভাগে হাম ও রুবেলার পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি এবং এ সময়ে মৃত্যুর ঘটনাও ঘটেনি। স্বাস্থ্য বিভাগের শুক্রবার সকালের নিয়মিত প্রতিবেদনে জানানো হয়েছে, এই সময়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ১২২ জন সন্দেহজনক হামের রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ১ জানুয়ারি ২০২৬ থেকে শুক্রবার পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১,০৪৪ জন।

জেলাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন সিলেটে—৩৭৬ জন। এ ছাড়া সুনামগঞ্জে ৩৫৭ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং হবিগঞ্জে ১৫৩ জন শনাক্ত হয়েছেন। হবিগঞ্জের শনাক্ত রোগীদের মধ্যে ২ জন রুবেলায় আক্রান্ত।

নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া ১২২ জনের মধ্যে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৭ জন এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৩৬ জন চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন। একই সময়ে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১২ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৭ জন ভর্তি হয়েছেন। এর বাইরে বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি হাসপাতালেও নতুন রোগী ভর্তি হয়েছেন।

সব মিলিয়ে বর্তমানে সিলেট বিভাগের সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালে ৪৬৬ জন সন্দেহজনক হামের রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৭৮ জন এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৪১ জন ভর্তি আছেন।

স্বাস্থ্য বিভাগের হিসাবে, চলতি বছরে এ পর্যন্ত সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগে সিলেট বিভাগে মোট ১৬০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৬৫ জন, সুনামগঞ্জে ৫৯ জন, হবিগঞ্জে ২২ জন এবং মৌলভীবাজারে ১৪ জন মারা গেছেন।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর