শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই যুবকের কারাদণ্ড
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ PM

শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৯/২০২৬ ০৫:৩০:৩১ PM

শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই যুবকের কারাদণ্ড


মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার উদনা ছড়া, লাংলিয়া ছড়া ও ডিংডিংগিয়া ছড়ার বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে দুই যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত গোলগাঁও, সিক্কা ও খারিজ্জমা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম। আইন-শৃঙ্খলা রক্ষায় এ সময় শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে।

প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানের খবর যেন অপরাধীরা আগে থেকেই টের না পায়, সে জন্য সিএনজিচালিত অটোরিকশায় একটি পৃথক টিমকে সম্ভাব্য বিভিন্ন স্থানে আগাম নজরদারির জন্য পাঠানো হয়েছিল। অভিযানের একপর্যায়ে সাইটুলা গ্রামের ডিংডিংগিয়া ছড়ায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় হাতেনাতে দুজনকে আটক করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- দক্ষিণ সাইটুলা এলাকার বলরাম কুর্মীর ছেলে সিপেন কুর্মী (২৮) এবং একই এলাকার কুশল কুর্মীর ছেলে বিশ্বনাথ কুর্মী (২৬)।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয় এবং উভয় মামলায় প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত মূল হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে। এর ধারাবাহিকতায় গত তিন মাসে প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের ঘটনায় তিনটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে, যা বর্তমানে আদালতে বিচারাধীন।

শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম জানান, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে এবং সংশ্লিষ্ট এলাকাগুলোতে নজরদারি আরও জোরদার করা হয়েছে।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর