আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিলেন বিশ্বকাপজয়ী মার্কোস ইয়োরেন্তে
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ PM

আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিলেন বিশ্বকাপজয়ী মার্কোস ইয়োরেন্তে

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০৪/০৯/২০২৬ ১০:৫১:৩২ AM

আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিলেন বিশ্বকাপজয়ী মার্কোস ইয়োরেন্তে


আচমকা আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিলেন মার্কোস ইয়োরেন্তে। ৩১ বছর বয়সে স্পেন জাতীয় দলের অধ্যায়ের ইতি টানলেন বিশ্বকাপজয়ী এই ডিফেন্ডার।

বৃহস্পতিবার ইনস্টাগ্রামে অবসরের ঘোষণা দেন জাতীয় দলের হয়ে ছয় বছরে ২৭ ম্যাচ খেলা এই ফুটবলার।

“বুঝতে পারছি, আমি এখনও তরুণ, যদি ভালো খেলা চালিয়ে যেতাম, তাহলে এই জার্সিতে খেলার জন্য আমার আরও অনেক বছর বাকি থাকত।

“আমি জানি, আপনাদের অনেকেই এটা বুঝবেন না, বাইরে থেকে দেখলে হয়তো আমিও বুঝতাম না। কিন্তু এটা ব্যক্তিগত সিদ্ধান্ত- যা আমি খুব সাবধানে ভেবেচিন্তে নিয়েছি এবং সর্বোপরি এটা আমার হৃদয় থেকে নেওয়া।”

গত জুলাই মাসে ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপ জেতা স্পেন দলের অংশ ছিলেন ইয়োরেন্তে, যদিও ফাইনালে তিনি বেঞ্চে ছিলেন।

২০২০ সালের নভেম্বরের নেদারল্যান্ডসের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে স্পেন দলে অভিষেক ইয়োরেন্তের। তখন তিনি মিডফিল্ডার হিসেবে খেলতেন, লুইস এনরিকের কোচিংয়ে।

পরের বছর অনুষ্ঠিত ইউরোয় তিনি চারটি ম্যাচ খেলেন রাইট-ব্যাক হিসেবে, যার মধ্যে সুইডেন ও পোল্যান্ডের বিপক্ষে ছিলেন শুরুর একাদশে ছিলেন এবং দুটি ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন (সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার-ফাইনাল ও ইতালির বিপক্ষে সেমি-ফাইনাল)।

চোটের কারণে বাইরে থাকার সময়টুকু বাদ দিলে ২০২২ কাতার বিশ্বকাপ পর্যন্ত তখনকার কোচ এনরিকের পরিকল্পনাতেই ছিলেন ইয়োরেন্তে। কিন্তু বিশ্বকাপের শেষ ষোলো থেকে বাদ পড়ার পর এনরিকের বিদায় এবং নতুন কোচ হিসেবে লুইস দে লা ফুয়েন্তের আগমনের ফলে জাতীয় দল থেকে একরকম হারিয়ে যান তিনি।

গত বছরের অক্টোবরের মাঝামাঝি সময়ে বিশ্বকাপ বাছাইপর্বে বুলগেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে তিনি দলে ফেরেন। মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডায় অনুষ্ঠিত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া পর্যন্ত তিনি দলের সঙ্গেই ছিলেন।

ক্লাব আতলেতিকোয় আগামী বছরের জুন পর্যন্ত তার চুক্তির মেয়াদ আছে। খুব শিগগির চুক্তি নবায়নের সম্ভাবনাও রয়েছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর